করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা হাইকোর্ট ‘নো এন্ট্রি’ পুজোমণ্ডপের রায় দিয়েছে। দর্শকদের মণ্ডপে প্রবেশ নিষেধ। কিন্তু সত্যিই কী বাংলা বিশেষত শহর কলকাতায় আদৌ করোনা বলে কিছু আছে? আসলে গতকাল, রবিবার নিউ মার্কেট বা গড়িয়াহাটে মানুষের ঢল দেখে এমনই প্রশ্ন উঠেছে।
নানান মার্কেটে মানুষের কেনাকাটা করার যে ভিড়ের ছবি চোখে পড়ল।, তাতে বোঝাই গেল যে করোনা ভাইরাসকে চ্যালেঞ্জ জানিয়ে মানুষ রাস্তায় দিব্যি জামাকাপড় কিনতে মেতেছে। রাজপথে দেখা গেল জনমিছিল। আর এই ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেল পুলিশও।
তবে এতে যে ব্যবসায়ীদেরও মন ভাল হয়েছে, তা বলাই বাহুল্য। তাঁরা ধরেই নিয়েছিলেন যে এই বছর বোধহয় কেনাকাটা একেবারেই হবে না। কিন্তু জনগণ রাদের নিরাশ করেন নি। কেনাকাটায় যেন জোয়ার এসেছে। নিউ মার্কেট থেকে শুরু করে হাতিবাগান, গড়িয়াহাট, সব এলাকার ভিড়ের ছবিই বেশ স্পষ্ট। লেক মলের বাইরে লম্বা লাইন দেখে একজন পথিক তো জিজ্ঞাসাই করে বসলেন, এখানে কী টিকা দেওয়া হচ্ছে?
অন্যদিকে জনগণের কথায়, বছরে একবার তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসে। তখনও কী আর বাড়িতে বসে থাকা যায়। কেনাকাটা তো করতেই হবে। এটাই তো আমাদের সংস্কৃতি। গড়িয়াহাটে বান্ধবীদের সঙ্গে কেনাকাটা করতে আসা এক মহিলার কথায়, “এটাই তো সময় কেনাকাটা করার। এখন কেনাকাটা না করলে তো আর করাই হবে না। দুপুরে এসেছিলাম একটু ফাঁকা হবে ভেবেছিলাম। কিন্তু সব জায়গাতেই তো দেখছি লম্বা লাইন”।
এদিকে রাসবিহারীর মোড়ে যান নিয়ন্ত্রণে ব্যস্ত এক পুলিশকর্মী জানান, “এটা যদি শুরু হয় তাহলে শেষ কোথায়? দুর্গাপুজো না জানি কি হবে! ভিড়ে তো আমাদেরই চিড়েচ্যাপ্টা হয়ে যাওয়ার অবস্থা। তার উপর গাড়ির চাপ। সবমিলিয়ে এখন আমরা সাঁড়াশি চাপে পড়েছি। নিউ মার্কেট থেকে মানুষ লেক মলে আসছে। আবার গড়িয়াহাটে যাচ্ছে। যার জন্য ভিড় বাড়ছে”।





