পুজোর শেষ তিনদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। সেরকম বৃষ্টি না হলেও আজ দশমীর দিন সিঁদুর খেলার আনন্দ মাটি হতে পারে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুধু দশমীই নয়, পুজোর পরও পিছু ছারবে না বর্ষা।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে পুজোর পর দ্বাদশী থেকেই ফের দুর্যোগ শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। জোড়া নিম্নচাপের জেরে জেলায় জেলায় হতে পারে ভারী বৃষ্টি। এর সঙ্গে দোসর হবে ঝোড়ো হাওয়া। এই কারণে আগামী ১৭ ও ১৮ তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ ঘনাবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণবঙ্গের এই চার জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানা যাচ্ছে। বাদ পড়বে না হাওড়া, হুগলী ও কলকাতাও।
পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপর দুটি নিম্নচাপ অবস্থান করছে। দক্ষিণ-পূর্ব আরব সাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। আর অন্য নিম্নচাপটি রয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। এটি ক্রমশ দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছবে।
এই কারণে এখন যারা সমুদ্রে রয়েছেন তাদের শনিবারের মধ্যেই উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। রবিবার থেকেই নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা। রবি ও সোমবার যাতে কেউ সমুদ্রে না যায়, সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে প্রশাসনকে। মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।
এদিকে, দশমীর সকাল থেকেই কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকায় বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।





