BREAKING: এবছরও দীপাবলি উদযাপন প্রদীপ ও মোমবাতি দিয়েই, বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট

এবছরও পোড়ানো হবে না বাজি। সব ধরণের বাজির উপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। এরইসঙ্গে ছট পুজো, জগদ্ধাত্রী পুজো-সহ সমস্ত রকমের উৎসবে বাজি পোড়ানো নিষিদ্ধ, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।

কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে নির্দেশ দেওয়া হয় যে কালীপূজো, ছটপুজোতে দু’ঘণ্টা অর্থাৎ রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। কিন্তু শুধুমাত্র পরিবেশবান্ধব বাজিই পোড়াতে হবে। অন্যদিকে, বড়দিন ও বর্ষবরণের রাতে ৩৫ মিনিট পরিবেশবান্ধব বাজি পোড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

কিন্তু আজ, শুক্রবার কলকাতা হাইকোর্ট জানায় যে পরিবেশবান্ধব বাজি চিহ্নিত করা সম্ভব নয় পুলিশের পক্ষে, এই পরিস্থিতিতে কোনওরকমের বাজিই পোড়ানো যাবে না। আদালতের কথায়, বেঁচে থাকার অধিকার মৌলিক অধিকার। তাই বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করতেই হবে।

বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, “করোনার তৃতীয় ধেউকে উপেক্ষা করার জায়গা নেই। এখন বাজি পোড়ানো, বিক্রি করার অনুমতি দেওয়া হবে কীভাবে? বৃহত্তর স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত”। আদালতের পর্যবেক্ষণ প্রদীপ ও মোমবাতি জ্বেলেই কালীপূজো, ছটপুজো ও অন্যান্য উৎসব পালন করতে হবে।

RELATED Articles