‘একটা সুইচ টিপলেই বিজেপি ভেঙে ১৫ জন বিধায়ক চলে আসবেন তৃণমূলে’, ত্রিপুরায় গিয়ে হুঁশিয়ারি অভিষেকের

আজ, রবিবার ত্রিপুরার আগরতলার রবীন্দ্র ভবনের পাশে ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। এদিন সভামঞ্চ থেকে ত্রিপুরার বিজেপি সরকারকে একের পর এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল নেতা। হলফ করে তিনি বলেন যে আগামী তিনমাসের মধ্যে গোয়ায় তৃণমূল সরকার তৈরি হবে।

তিনি এও জানান যে ত্রিপুরার মানুষও তৃণমূলকেই সমর্থন করছেন। তাঁর কথায়, মানুষের এই ভালবাসাকে পাথেয় করেই ২০২৩-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মাথায় নিয়ে ত্রিপুরায় তৃণমূল সরকার গঠিত হবে। তিনি বলেন, “কাল কোর্টে জিতেছি। এরপর ভোটে জিতব। একমাত্র মমতাই পারেন এদের শিক্ষা দিতে”।

এদিনের সভা নিয়ে গত ২৪ ঘণ্টায় যে কাজিয়া হয়েছে, এর নেপথ্যে বিপ্লব দেবের প্রশাসন রয়েছে বলে আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, “২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর এখানেই সভা করে গিয়েছিলাম, আমার মনে আছে। কিন্তু দুই সভার মধ্যে পার্থক্য কী? গতবার বহু মানুষ এসেছিলেন, কিন্তু এবার মাত্র ৫০০ লোক। ৫০০ মানুষ হয়তো সশরীরে, কিন্তু আমি জানি, ২০ লক্ষ মানুষ বাড়িতে বসে সভা শুনছেন। ছুটির দিনেই বিপ্লব বাবুর ছুটি হয়ে গেল”।

তিনি যোগ করেন, “আমাকে এত ভয় কেন বিপ্লব বাবু? আমি তো আপনার চেয়ে বয়সে অনেকটাই ছোট। আমাকে শাস্তি দিতে গোটা রাজ্যে ১৪৪ ধারা জারি করছেন। কেন মানুষকে সমস্যার মধ্যে ফেলছেন”?

অভিষেকের আর দাবী, তৃণমূল চাইলে এখনই একের পর এক বিজেপি বিধায়ককে দলে টানতে পারে। তিনি বলেন, “আমার সঙ্গে সবার যোগাযোগ আছে। একটা সুইচ টিপলেই বিজেপি ভেঙে ১৫ জন বিধায়ক চলে আসবেন আমাদের দিকে। কিন্তু আমরা সেটা চাই না। ২০২৩ সালে বিজেপিকে উপড়ে ফেলাই লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা সফল হবই। মনে রাখবেন, ত্রিপুরার মানুষ যে দিন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সে দিনই বিজেপি খতম”।

এদিন অভিষেকের হুঁশিয়ারি, “২০২৩ সালে আমরা বিজেপি-কে উপড়ে ফেলব। বিপ্লব দেবের দুয়ারে গুন্ডা প্রকল্প চিরকালের জন্য বন্ধ করবে তৃণমূল। এখানে চালু হবে দুয়ারে সরকার”। এরপর পশ্চিমবঙ্গের জনকল্যাণমুখী প্রকল্পের সঙ্গে ত্রিপুরার তুলনা টানেন অভিষেক। তিনি বলেন, তৃণমূলের সরকার বাংলার সবকটি প্রকল্প ত্রিপুরাতেও চালু করবে। ত্রিপুরাই দিল্লি চালাবে। এর পাশাপাশি তিনি আরও জানান যে আগামী ডিসেম্বরে বিবেকানন্দ মাঠে সভা করতে আসছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।

RELATED Articles