গত বছর বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বারবার বলিউডে নেপোটিজম বা স্বজনপোষণের দিকটি উঠে এসেছে। বারবার একথাও বলা হয়েছে যে স্টারকিডদের অগ্রাধিকার দেওয়ার কারণে স্বাধীন অভিনেতা-অভিনেত্রীরা বলিউডে সেভাবে কাজ পান না। আর এই ঘটনায় নাম জড়িয়েছে আলিয়া ভাট থেকে শুরু করে সারা আলি খান, অনন্যা পাণ্ডে, নানান তারকাদের।
এবার বলিউড ছেড়ে টলিউডেও এই নেপোটিজমের প্রসঙ্গ উঠল। আর তা খোলসা করলেন নব্বইয়ের দশকের অভিনেত্রী চুমকি চৌধুরী। পরিচালক অঞ্জন চৌধুরীর মেয়ে তিনি। অঞ্জন চৌধুরীর দুই মেয়ে চুমকি ও রিনা চৌধুরী একসময় টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যেই ছিলেন।
তবে দীর্ঘদিন তাদের পর্দায় দেখা যায় না। সম্প্রতি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এ এসেছিলেন তিনি। সেখানেই নিজের মনের কথা খুলে বলে অভিনেত্রী। তিনি জানান যে অভিনয় করা কখনই তাঁর ইচ্ছা বা শখ ছিল না। কেবলমাত্র বাবার জন্যই তিনি অভিনয় জগতে আসেন।
তিনি জানান যে তিনি চেয়েছিলেন শিক্ষিকা হতে। অন্যান্য আর পাঁচটা মেয়ের মতো ঘরের কাজ, রান্নাবান্না, সেলাই, ঘর সাজানো, এসব করতে। কিন্তু বাবার কথা রাখতেই শেষ পর্যন্ত তাঁকে অভিনয় জগতে আসতে হয়।
তিনি এও বলেন যে তিনি অঞ্জন চৌধুরীর মেয়ে বলেই ছবিতে কাজ করার সুযোগ পেয়েছেন। না হলে একটা ছবি করার পর লোকে তাঁকে অভিনয় জগত ছেড়ে বেরিয়ে যাওয়ার দরজা দেখিয়ে দিত। একদিকে যখন নেপোটিজম নিয়ে চারিদিকে এমন তর্ক-বিতর্ক। সেই সময় দাঁড়িয়ে চুমকি চৌধুরীর এমন মন্তব্য যে ফের বিতর্কের ঝড় তুলবে না, তা কে বলতে পারে।





