অস্ট্রেলিয়ার মেলবার্নে মহাত্মা গান্ধীর একটি ব্রোঞ্জমূর্তির উপর হামলা চালায় দুষ্কৃতীরা। মূর্তির মাথা কেটে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। ধারালো কোনও অস্ত্র দিয়ে গলার কাছে বারবার ঘষা হয়েছে। সেই দাগ চোখে পড়েছে সকলের।
এমন ঘটনার জেরে সে দেশে তো বটেই ভারতেও যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুষ্কৃতীদের এমন কাণ্ড দেখে রীতিমতো অবাক প্রবাসী ভারতীয়রা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
তিনি জানান যে দুষ্কৃতীদের এমন ঘটনা অত্যন্ত ‘অসম্মানজনক’। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে গান্ধীজির এই ব্রোঞ্জ মূর্তিটি ভারতের তরফে অস্ট্রেলিয়ান সরকারকে উপহার দেওয়া হয়েছিল। মেলবার্নের অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের প্রাঙ্গণে এই মূর্তি স্থাপন করা হয়।
গত শুক্রবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন নিজে উপস্থিত থেকে ওই গান্ধীমূর্তিটি উন্মোচন করেছিলেন। সেখানে এদিন উপস্থিত ছিলেন ভারতের কনসাল জেনারেল রাজ কুমার এবং অন্যান্য অস্ট্রেলিয়ান রাজনীতিকরা।
দুষ্কৃতীদের এমন তাণ্ডবের জেরে এই ঘটনার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি জানিয়েছেন, “এই কাজে যেভাবে (মহাত্মা গান্ধীকে) অসম্মান করা হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক এবং হতাশাজনক”।
মরিসন আরও জানান, অস্ট্রেলিয়ার মতো বিশ্বের সবচেয়ে সফল বহুত্ববাদী সাংস্কৃতিক দেশে কোনওরকম সাংস্কৃতিক স্মৃতিসৌধের উপর হামলা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কথায়, “যে কেউ এর জন্য দায়ী, তারা অস্ট্রেলীয়-ভারতীয় সম্প্রদায়ের প্রতি চরম অসম্মান দেখিয়েছে এবং এর জন্য লজ্জিত হওয়া উচিত”।





