‘আমি তো ও টি টি প্ল্যাটফর্ম ছাড়ব না’ ভোল পাল্টে ফেললেন নওয়াজউদ্দিন সিদ্দিকি!

বলিউডের বর্তমানে অত্যন্ত জনপ্রিয় এবং দক্ষ অভিনেতাদের মধ্যে অন্যতম নাম নওয়াজউদ্দিন সিদ্দিকি। দীর্ঘদিন ধরেই বলিউডে কাজ করছেন তিনি তাঁর অভিনীত সিনেমা মানেই বলিউডের পর্দায় ব্লকবাস্টার। সম্প্রতি কিছুদিন আগেই সর্বভারতীয় সংবাদমাধ্যমে ও টি টি প্ল্যাটফর্ম নিয়ে মুখ খুলেছিলেন এই জনপ্রিয় অভিনেতা।

তিনি সেখানে জানান “এই প্ল্যাটফর্মটা ইদানীং আবর্জনার স্তূপ হয়ে উঠেছে। এখানে এমন সব অপ্রয়োজনীয় শো দেখানো হয়, হয় সেগুলি দেখার মতোই নয়, নয়তো সেগুলোর সিক্যুয়েলে আর নতুন কিছু দেখার মতো থাকে না।” পাশাপাশি তিনি ঘোষণা করেন এই ওয়েব সিরিজ দুনিয়া থেকে পুরোপুরি ভাবে নিজেকে সরিয়ে নিতে চান। স্বাভাবিক ভাবেই মন খারাপ ছিল অনুগামীদের।

কিন্তু হঠাৎ করেই পুরো ১৮০° ঘুরে গেলেন অভিনেতা। দাবি করলেন তিনি কখনওই বলতে চাননি যে OTT প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়াচ্ছেন। বরং তাঁর বক্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে। বর্তমানে তিনি জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজে সাক্ষাৎকার দিতে পারছেন Netflix-এর সৌজন্যেই। ওয়েব প্ল্যাটফর্মই তাঁকে আন্তর্জাতিক স্তরে পরিচিতি দিয়েছে। ওয়েব সিরিজ মাধ্যমে প্রত্যেকে নিজেদের প্রতিভা তুলে দেওয়ার সুযোগ পায়। তাই ওয়েব দুনিয়া ছেড়ে দেওয়ার কোনও প্রশ্নই উঠছে না।

তাহলে আবর্জনা স্তূপ বলার কারণ?নওয়াজের উত্তর, “আমি বিশেষ কিছু প্রযোজনা সংস্থার কথা বলতে চেয়েছি যারা যা ইচ্ছা তাই বানিয়ে চলেছে। সিরিয়ালে পরিণত হওয়া কোনও চিত্রনাট্যে আমি অভিনয় করতে চাই না। সেই প্রেক্ষিতেই কথাটা বলেছিলাম।”

জনপ্রিয় ওয়েব সিরিজ স্যাক্রেড গেমস’ এ নওয়াজের অভিনয় দেখে সকলেই মুগ্ধ হয়ে ছিল। আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা বিভাগে সম্প্রতি মনোনীত হয়েছিলেন নওয়াজ। আর সেটি নেটফ্লিক্সে তাঁর অভিনীত সিরিজ ‘সিরিয়াস মেন’-এর জন্য। তিনি যখন ও টি টি ছেড়ে দেওয়ার কথা জানান স্বাভাবিক ভাবেই মন খারাপ অনুরাগীদের।যদিও সমালোচকদের দাবি ওয়েব দুনিয়া ছাড়লে জনপ্রিয়তায় ভাটা পড়তে পারে ভেবেই ডিগবাজি খেলেন তিনি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর