‘মদ বিক্রি বন্ধে পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা ঠিক কী’? মুম্বইয়ের বৈঠকে মমতা সরাসরি প্রশ্ন মেধা পাটেকরের

মুম্বই সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন জোট তৈরি করার ব্যবস্থা করছেন, তেমনই অন্যদিকে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের জন্য বিনিয়োগ আনারও চেষ্টা চালাচ্ছেন। এই কারণে তিনি রাজনীতিবিদ থেকে শুরু করে শিল্পপতি ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করছেন।

এমনই এক বৈঠকে সমাজকর্মী মেধা পাটেকর তৃণমূল সুপ্রিমোকে প্রশ্ন করেন, “মদ বিক্রি বন্ধে পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা কী? আগামী নির্বাচনী এজেন্ডায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী মদ বিক্রি নিষিদ্ধ করবেন”?‌ যদিও বিষয়টি নিয়ে ভাববেন বলা ছাড়া আর কোনও মন্তব্য করতে শোনা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে।

ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য মদ বিক্রি বন্ধ করার পথে হেঁটেছে। কোনও কোনও রাজ্য তো করেও ফেলেছে। এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছিলেন যে মদ বিক্রির জেরে রাজস্ব আয় বেড়েছে। তবে বাণিজ্যনগরীতে এমন প্রশ্নের মুখোমুখি হয়ে বেশ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন মমতা।

নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা তাঁকে বলেন, “রাজ্য সরকারগুলি মদ বেচে পয়সা রোজগার করে। মহাত্মা গান্ধী বা বাবাসাহেব আম্বেদকর যাকে ‘পাপের পয়সা’ বলতেন। পরবর্তী নির্বাচনে মদ বিক্রি নিষিদ্ধ করার বিষয়টি কী আপনার রাজনৈতিক অ্যাজেন্ডায় আনবেন? এটা মহিলাদের জন্য অত্যন্ত ভাল পদক্ষেপ হবে। কারণ এতে বহু সংসার নষ্ট হচ্ছে। আপনি মহিলাদের নেত্রী বলে পরিচিত”।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে আগে বারবার বলেছেন যে বিজেপি অগণতান্ত্রিকভাবে দেশ চালাচ্ছে। সেই প্রক্রিয়া বন্ধ করতে হবে। মানুষের স্বার্থে কাজ করতে হবে। আর সেই মানুষের স্বার্থেই এইও প্রশ্ন রাখেন মেধা পাটেকর। বাণিজ্য সম্মেলনে বিনিয়োগ আনতে এই বিষয়টি যে বেশ বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, তা বলাই বাহুল্য। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কী পদক্ষেপ নেন, এখন সেটাই দেখার।

রিপোর্ট অনুযায়ী, দেশে মদ্যপানের নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে দ্বিতীয় স্থানে। সেই তথ্যের ভিত্তিতেই এমন প্রশ্ন করেন মেধা যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়ায়। তবে জানা গিয়েছে যে তিনি মনে মনে শপথ করেছেন যে এই সমস্যার সমাধান তিনি করবেন।

আরও অন্যান্য খবর