গত মঙ্গলবারই তিনদিনের সফরে মুম্বই গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার সেখানেই তাঁর বিরুদ্ধে জাতীয় সঙ্গীতকে অপমান করার অভিযোগ উঠল। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন এক বিজেপি নেতা।
গতকাল, বুধবার মুম্বইতে এক সাংবাদিক সম্মেলনে জাতীয় সঙ্গীত শুরু হওয়ার অনেক পরে উঠে দাঁড়ান মমতা। এরপরই তাঁর নিন্দায় সরব হয় বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, জাতীয় সঙ্গীতের অপমান করেছেন মমতা। সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হঠাৎই মাঝপথে জাতীয় সঙ্গীত শেষ করে দিয়ে বসে পড়েন মমতা।
এই ঘটনার প্রেক্ষিতে এবার মমতার বিরুদ্ধে পুলিশে কাছে অভিযোগ জানান এক বিজেপি নেতা। সংবাদ সংস্থা এএনআই-এর তরফে জানানো হয়েছে, মুম্বইয়ে এক বিজেপি নেতা মমতার বিরুদ্ধে ‘জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখানোর’ অভিযোগ দায়ের করেছেন।
সেই বিজেপি নেতার অভিযোগ, “বসে থাকা অবস্থায় জাতীয় সংগীত গেয়েছেন মমতা” এবং তারপরে “৪ বা ৫টি শ্লোকের পরে হঠাৎ জাতীয় সংগীত থামিয়ে দেন তিনি”।
মমতার মুম্বই সফরের দ্বিতীয় দিনের ভিডিও পোস্ট করে জাতীয় সংগীতকে অপমান করার অভিযোগ করা হয় বঙ্গ বিজেপির তরফে। লেখা হয়, “মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বসেছিলেন। তারপর উঠে দাঁড়ান। তারপর মাঝপথেই জাতীয় সংগীত গাওয়া বন্ধ করে দেন। মুখ্যমন্ত্রী হিসেবে আজ উনি বাংলার সংস্কৃতি, জাতীয় সংগীত, দেশ এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন”। এই একই অভিযোগ এনেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদাররা।
প্রসঙ্গত, গতকাল, বুধবার জাভেদ আখতার, পবন বর্মাদের সঙ্গে একটি অনুষ্ঠানে নিজের মতামত বিনিময় করেন মমতা। এদিনের এই অনুষ্ঠানে বিজেপিকে শানাতে কসুর করেন নি তিনি। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বলিউড পরিচালক মহেশ ভাট, অভিনেত্রী স্বরা ভাস্কর, ও আরও অনেকেই। এদিন তো স্বরাকে মমতা সরাসরিই রাজনীতিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান।





