কলকাতায় পুরভোট যাতে অবাধ ও শান্তিপূর্ণভাবে হয়, এই কারণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন। এমনই দাবী জানিয়ে আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল বিজেপি। তবে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন যে এই মামলা এখনও গৃহীত হয়নি। এর আগে এই একই দাবী নিয়ে রাজ্যপালের কাছে আর্জি জানায় বিজেপি।
সম্প্রতি, বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ পুরভোট প্রসঙ্গে বলেছিলেন যে তারা চান যাতে কেন্দ্রীয় বাহিনী দিয়েই পুরভোট হোক। তাঁর কথায় বাংলায় যে কোনও ভোটেই কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন কারণ বাংলায় আইনশৃঙ্খলা নেই। আর পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে।
বিজেপির রাজ্য সভাপতি সু্কান্ত মজুমদার বলেন, “আমরা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছি যাতে, সুপ্রিম কোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য”।
এর আগে রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে ধরে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানানো হয় বিজেপি নেতাদের তরফে। রাজ্যপাল বিজেপি প্রতিনিধিদের আশ্বস্ত করেন যে রাজ্য নির্বাচন কমিশনকে এই বিষয়ে প্রয়োজনীয় বার্তা দেবেন তিনি। এবার সুপ্রিম কোর্টেও এই একই আর্জি জানাল বঙ্গ বিজেপি নেতৃত্ব।
ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কড়া ভাষায় বার্তা দিয়ে তিনি জানিয়েছেন যে রাজ্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও কার্যকরী ভূমিকা পালন করতে হবে। রাজ্য সরকারের শাখা হিসেবে কাজ বা তাদের কথা মতো চললে হবে না।
আগামী ১৯শে ডিসেম্বর কলকাতায় পুরভোট। কিন্তু রাজ্যের শতাধিক পুরসভায় এখনও ভোট বাকি। এই নিয়ে গতকাল, বুধবার কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য নির্বাচন কমিশনকে। এই নিয়ে আগামী সোমবার রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। বাকি কেন্দ্রে ভোট কবে হবে, তা জানাতে বলা হয়েছে।





