কলকাতা পুরসভায় দেখা যেতে পারে একাধিক ডেপুটি মেয়র, মেয়রের পদেই বা কে থাকবেন? পাল্লা ভারী ফিরহাদের দিকেই

কলকাতা পুরনির্বাচনে বিপুল জয়ের পর আজ প্রশাসক নির্বাচনের পালা। কলকাতার মেয়র কে হবেন, বরোর দায়িত্ব কারা পাবেন, মেয়ত পারিষদ হবেন কারা, এ সব জানা যাবে আজই। আজ দুপুর ২টোয় বৈঠক রয়েছে তৃণমূলের। এই বৈঠকে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সূত্রের খবর অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর নবনির্বাচিত কাউন্সিলররা শপথ নেবেন। আর ২৮ ডিসেম্বর হবে মেয়রের আনুষ্ঠানিক নির্বাচন এবং শপথগ্রহণ।

কলকাতা পুরসভার চেয়ারম্যান সম্ভবত মালা রায়ই থাকবেন। তবে মেয়র পদেও কী ফিরহাদ হাকিমই থাকবেন? নাকি দেখা যাবে নতুন মুখ। এ নিয়ে চলছে জল্পনা। তবে পাল্লা ভারী রয়েছে ফিরহাদের দিকেই। অন্তর্বর্তী সময়ে দায়িত্ব নিয়ে তিনি পরিশ্রম করেছেন প্রচুর। আর কলকাতায় তাঁর কাজ করার অভিজ্ঞতাও অনেকদিনের।  সেক্ষেত্রে মেয়র হওয়ার দৌড়ে তিনিই এগিয়ে।

তবে এমন প্রশ্নও উঠছে যে, মেয়র হলে তাঁর মন্ত্রিত্ব পদও কী থাকবে? আর যদি অন্য কেউ মেয়রের দায়িত্ব পান, তাহলে ফিরহাদ হাকিম পেয়ে পারেন পুরদপ্তরের দায়িত্ব। তবে জানা যাচ্ছে, এবার ডেপুটি মেয়র হতে পারে একাধিক জন। অতীন ঘোষ ডেপুটি মেয়র ছিলেনই। এবার দেবাশিস কুমারও হতে পারেন ডেপুটি মেয়র।

মেয়র পারিষদের ক্ষেত্রে এবার বেশ কিছু নতুন মহিলা মুখ দেখা যেতে পারে। থাকবে সংখ‌্যালঘু ও সমাজের সর্বস্তরের প্রতিনিধিত্ব। বরো চেয়ারম‌্যান কারা হবেন, তা আজই জানা যাবে কি না তা স্পষ্ট নয়। তৃণমূলের প্রার্থীতালিকায় একদিকে যেমন নতুন মুখের ছড়াছড়ি ছিল, তেমনই ৪৫ শতাংশই মহিলা। এঁদের প্রায় সকলেই জিতেছেন।

মমতা বন্দ্যোপাধ‌্যায় সর্বত্রই নারী ক্ষমতায়নকে প্রাধান‌্য দেন। ফলে, বিভিন্ন দায়িত্ব বণ্টনে এবার চমক থাকতে পারে। আজ মহারাষ্ট্র নিবাসের বৈঠকে মমতা-অভিষেকের পাশাপাশি সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ‌্যায়ও উপস্থিত থাকবেন।

কাজের সাফল্যের দিক বিচার করেই এবারে পুরভোটের টিকিট দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে। এই কারণে চল্লিশের বেশি কাউন্সিলররা এবারে ভোটে লড়েন নি। আগামীদিনেই প্রাধান্য দেওয়া হবে কাজের মূল্যায়নের ভিত্তিতেই। যারা নতুন দায়িত্বে আসবেন, তাদের বার্তা দিয়ে দেওয়া হবে যে মানুষের জন্য জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে হবে, তা না হলে পদ থেকে সরে যেতে হবে।

আরও অন্যান্য খবর