ফের মুকুল রায়ের অসংলগ্ন মন্তব্যের জেরে চরম অস্বস্তিতে পড়তে হল ঘাসফুল শিবিরকে। এই বিষয়কে সামাল দেওয়ার জন্য দলের তরফে জানানো হল যে সাম্প্রতিক সময়ে মুকুল রায়ের কিছু মন্তব্য থেকে স্পষ্ট যে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। ফলে তাঁর বক্তব্য কখনই দলের হয়ে নয়। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় একথা জানান।
গতকাল, শুক্রবার বোলপুরে বিকল্প পৌষমেলায় এসে পুরভোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুলবাবু স্পষ্টতই অসংলগ্ন মন্তব্য করেন। শারীরিক অসুস্থতাই হোক বা অন্য কোনও কারণ, তিনি যা মন্তব্য করেছেন, তার সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক আদতে নেই।
এদিন তিনি বলেন, “পৌর নির্বাচনে সারা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বিপুলভাবে জয়ী হবে”। তখনই তাঁকে তখন মনে করিয়ে দেওয়া হয়, বিজেপি নয় তৃণমূল হবে। কিন্তু সহাস্যে নিজের বক্তব্যেই অনড় থাকেন তিনি। বেশ হাসতে হাসতেই তিনি বলেন, “হ্যাঁ তৃণমূল তো বটেই। ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূ”। এরপর ফের কেউ কেউ ভুল শুধরে দেওয়ার চেষ্টা করেন ঠিকই, কিন্তু ততক্ষণে মুকুল রায় যা বলার বলে ফেলেছেন।
এদিন মুকুলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। মুকুল রায়ের মুখে এমন মন্তব্য শুনে তিনি বেশ বিরক্ত হন, তা বোঝাই গিয়েছে। তবে তিনি এও বুঝেছেন যে মুকুল রায় নিজেই জানেন না, তিনি কী বলছেন। এই কারণে তিনি আর কোনও কথা বাড়ান নি। বলে রাখি, এর আগেও কৃষ্ণনগরে মুকুল রায় এই এমনই কাণ্ড ঘটিয়েছিলেন।
তবে তৃণমূলে যোগ দেওয়ার পরও বারবার এভাবে দলকে অস্বস্তির মুখে ফেলা ভাল চোখে দেখছে না রাজ্য নেতৃত্ব। এদিন তাঁর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবু বলেন, “ওনার এইসব বক্তব্য দল অনুমোদন করে না। তাছাড়া উনি কোনও পদাধিকারীও নন যে, তাঁর এইসব বক্তব্যের কোনও গুরুত্ব আছে। সাম্প্রতিক সময়ে যা যা বলেছেন তার থেকে বোঝা যাচ্ছে মুকুল রায় মানসিক ভারসাম্য হারিয়েছেন”।





