দরকারি স্বাক্ষর করানোর জন্য ফোন করায় গালিগালাজ তৃণমূল বিধায়কের, ভাইরাল সেই অডিও ক্লিপ

নানান সময় নানান নেতাদের অভব্য আচরণের ভিডিও বা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। কোনও প্রয়োজনে তাদের দুয়ারে হাজির হলে জনগণকে কটু কথা শোনানোর ঘটনা কম নয়। যে সমস্ত মানুষের ভোটে জিতে তারা সেই পদ পেয়েছেন, সেই সব মানুষকেই পদপিষ্ট করেন তারা।

ফের এমনই এক নেতার এমন অভব্য আচরণের কীর্তি ভাইরাল হল। সূত্রের খবর অনুযায়ী, মালদার রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়কে জরুরি স্বাক্ষরের জন্য ফোন করেছিলেন সেই এলাকার এক বাসিন্দা। কিন্তু ফোনে তাঁর সঙ্গে বিধায়ক যেভাবে কথা বললেন, তা কোনও ভাবেই শ্রুতিগোচর নয়।

এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তি একটি পোস্ট করে লেখেন, “গত ২৮শে ডিসেম্বর বিধায়ককে ফোন করলাম, বললাম আপনার একটা সই লাগবে। উনি উত্তরে কী বললেন, বুঝতে পারলাম না। আবার জিজ্ঞাসা করলাম তখন আমাকে ‘শু’য়ো’রের বাচ্চা বলল। আমার কাছে রেকর্ডিং রয়েছে। উনি আসন পেয়ে বিশাল কিছু মনে করেছেন নাকি? উনি শিক্ষিত হলেও ওঁর মূর্খের মতো ভাষা। আমিও গাল দিতে পারতাম কিন্তু দিলাম না। আমার বাবা একটা কথা বলে কুকুর মানুষকে কামড় দেয়, মানুষ কুকুরকে কামড় দেয় না। বিধায়কের আসল চরিত্রটা বুঝতে পারলাম”।

বিধায়ক ও সেই ব্যক্তির মধ্যে ফোনের কথোপকথনের সেই অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই অডিওতে শোনা যাচ্ছে, ওই ব্যক্তি একটি কাগজে স্বাক্ষর করানোর জন্য ফোন করেন বিধায়ককে। কিন্তু বিধায়ক সমর মুখোপাধ্যায় জানান যে তিনি সেদিনই কলকাতায় ফিরে এসেছেন। তিনি কোনও একটি চায়ের দোকানে ওই ব্যক্তিকে তাঁর কাগজ জমা দিতে বলেন যে কথাটি ওই ব্যক্তি ঠিকভাবে বুঝতে পারেন নি।

এই নিয়ে বিধায়ককে ফের প্রশ্ন করায় সমর মুখোপাধ্যায় ওই ব্যক্তি অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এমনকি তাঁকে এও বলতে শোনা যায়, “তোর বাড়ি গিয়ে সই করে আসব নাকি”। এছাড়াও, ওই ব্যক্তিকে ‘ফাজিল’ ও আরও নানান অশ্লীল কথা শোনান সেই বিধায়ক। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭।

এখান থেকেই প্রশ্ন ওঠে মানুষের জন্য কাজের স্বার্থেই তিনি বিধায়ক হয়েছেন, কিন্তু এদিকে মানুষ সাহায্য চাওয়াতে তিনি এতটাই বিরক্ত যে তাঁকে গালিগালাজ করতে হচ্ছে? ভোটের আগে এই সমস্ত নেতাকেই বাড়ি বাড়ি ঘুরে ভোট চাইতে দেখা যায় কিন্তু ভোট মিটে যাওয়ার পর নেতা হতেই সাধারণ মানুষের সঙ্গে অভব্য আচরণ করতে দু’বারও ভাবেন না তারা।

আরও অন্যান্য খবর