বরাবরই তাঁর সারল্যে মুগ্ধ হয়েছেন সকলে। দেশের অন্যতম ধনী ও সফল শিল্পপতি হয়েও তাঁর অতি সাধারণ জীবনযাপন উদ্বুদ্ধ করে দেশবাসীকে। এবারও তার অন্যথা হল না।
গত ২৮শে ডিসেম্বর ছিল রতন টাটার জন্মদিন। জন্মদিন মানেই আমরা বুঝি হইহুল্লোড়, জাঁকজমক, বন্ধু, অতিথিদের নিয়ে হইচই। কিন্তু রতন টাটার মতো একজন ব্যক্তিত্ব নিজের জন্মদিন কাটালেন অতি সাধারণভাবেই।
তিনি দেশের অন্যতম ধনী ব্যক্তি। তাই স্বাভাবিকভাবেই সকলের মনে আসে সে তিনি নিজের জন্মদিন পালন করবেন আড়ম্বর করে। কিন্তু না, কোনও জাঁকজমক তো দূর, তিনি নিজের জন্মদিন পালন করলেন স্রেফ একটা ছোট্ট কাপ কেক ও মোমবাতি জ্বালিয়েই। সেই জন্মদিনে নেই কোনও জৌলুস। রতন টাটার এই সাধারণত্ব ফের মন জিতে নিল দেশবাসীর।
সম্প্রতি রতন টাটার জন্মদিন পালনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওটি পোস্ট করেছেন টাটা মোটর ফিনান্স-এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বৈভব ভৈর। ভিডিওতে দেখা যাচ্ছে, লনে বসে আছেন রতন টাটা। তাঁর পরনে আকাশি রঙের জামা। সামনে রাখা ছোট একটা টেবিলে রাখা কাপ কেপ। তার মধ্যে একটা মোমবাতি।
রতন টাটার কাছেই বসেছিলেন এক তরুণ। রতন টাটা ফুঁ দিয়ে মোমবাতি নেভালেন। এরপর তাঁকে কেক খাইয়ে দিতে দেখা গেল সেই তরুণকে। এই ভিডিয়ো পোস্ট করে বৈভব লিখেছেন, “অতি সাধারণ! দেশের গর্ব এবং সকলের অনুপ্রেরণা”। রতন টাটার জন্মদিন পালনের এই ভিডিও আবার টুইট করেছেন আর এক শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা।
A charming scene with the unassuming #RatanTata on his 84th birthday pic.twitter.com/wkmm7jhCyZ
— Harsh Goenka (@hvgoenka) December 29, 2021
দেশের অন্যতম শিল্পপতিকে এমন জৌলুসহীন অনাড়ম্বর জন্মদিন পালন করতে দেখে আপ্লুত দেশবাসী। তবে সকলেরই প্রশ্ন যে রতন টাটার পাশে বসে থাকা তরুণটি কে?
জানা গিয়েছে, ওই তরুণের নাম শান্তনু নায়ডু। টাটার দফতরে ডেপুটি জেনারেল ম্যানেজার। রতন টাটার সঙ্গে শান্তনুর ভীষণ ভালো সম্পর্ক। এই তরুণের মধ্যে প্রতিভা দেখে তাঁর সংস্থায় ডেকে নিয়েছিলেন রতন। তিন বছর আগেই টাটা গ্রুপের আধিকারিক হিসেবে যোগ দেন শান্তনু।






