রাজ্যে করোনা আক্রান্তদের ৭০ শতাংশই ওমিক্রনে আক্রান্ত, জিনোম সিক্যুয়েন্সিং রিপোর্টে দাবী কেন্দ্রীয় সংস্থার

বর্তমানে রাজ্যে যে সমস্ত ব্যক্তিরা করোনায় আক্রান্ত রয়েছেন, তাদের মধ্যে ৭০ শতাংশই ওমিক্রনে আক্রান্ত, এমনটাই জানা গেল। এই রিপোর্ট প্রকাশ করে এমনটাই দাবী করল কেন্দ্রীয় সংস্থা ইনসাকগ। জানা গিয়েছে, গত দু’সপ্তাহে কল্যাণীতে যত করোনা আক্রান্তের  জিনোম সিক্যুয়েন্সিং হয়েছে, তার ৭০ শতাংশের ক্ষেত্রেই ওমিক্রন আক্রান্তের রিপোর্ট মিলেছে।

নতুন বছর পড়তে না পড়তেই ফের পশ্চিমবঙ্গে স্বমহিমায় ফিরেছে করোনা। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাও একে একে সংক্রমিত হচ্ছেন।

এর জেরে স্বাস্থ্য ব্যবস্থায় বেশ প্রভাব পড়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি আরও বেশি জটিল হতে পারে। এরই মধ্যে আশঙ্কা বাড়াচ্ছে কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট। তাদের দাবী, রাজ্যে যে সকল করোনা  আক্রান্তের নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ৭০ শতাংশই ওমিক্রনে আক্রান্ত।

পশ্চিমবঙ্গে জিনোম সিক্যুয়েন্সিংয়ের একমাত্র গবেষণাগারটি রয়েছে কল্যাণীতে। ন্যশনাল ইন্সটিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্স নামে এই সংস্থায় প্রতিদিন কয়েক হাজার জিনোম সিক্যুয়েন্সিংয়ের ব্যবস্থা রয়েছে। এক একটি জিনোম সিক্যুয়েন্সিং শেষ হতে সময় লাগে ৭২ ঘণ্টা। সেখানে পরীক্ষা হওয়া নমুনার তথ্য থেকেই রাজ্যের ভয়াবহ পরিস্থিতির কথা জানতে পেরেছেন বিশেষজ্ঞরা।

তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, এই পরিসখ্যান সম্পূর্ণ সঠিক নয়। জানা গিয়েছে, যাদের দেহে ওমিক্রন সংক্রমণের সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র তাদেরই লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে জিনোম সিক্যুয়েন্সিংয়ে। ফলে ওমিক্রন আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানা যাচ্ছে।

আরও অন্যান্য খবর