পুর পরিষেবা নিয়ে যাতে কলকাতার নাগরিকরা মেয়রকে সরাসরি নিজেদের অভাব, অভিযোগ ও দাবিদাওয়ার কথা জানাতে পারেন, সেই জন্য ফের ‘টক টু মেয়র’ অনুষ্ঠান শুরু করেছেন মেয়র ফিরহাদ হাকিম। তবে গতকাল, শনিবার সেই অনুষ্ঠানেই মেজাজ হারালেন তিনি।
কলকাতার নাগরিকদের আশ্বাস দেওয়ার পরও যদি কাজ না হয়, তাদের অভিযোগ থেকেই যায়, তাহলে মেয়রকে নিজের পদ ছাড়তে হবে, এমনটাই জানান ফিরহাদ। এদিন অনুষ্ঠানের মধ্যে বেশ ক্ষোভপ্রকাশ করেই তিনি বলেন, “আমার কাছে কমপ্লেন আসার পরেও যদি কাজ না হয়, তাহলে আই হ্যাভ টু লিভ দিজ চেয়ার”।
ঘটনার সূত্রপাত কলকাতা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিব্যেন্দু দত্তর একটি ফোনকলকে ঘিরে। ফোনের অপর প্রান্ত থেকে মেয়রের উদ্দেশে বলা হয়, “৫১এ বিটি রোড এলাকা থেকে বলছি। গতবছর দু’বার ফোন করেছিলাম এই সমস্যার জন্য। সাউথ সিটি রোড থেকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় বরাবর নিকাশি নালা আটকে রয়েছে ফলে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে জল বেরোচ্ছে না”।
এই ফোনকলের পরই ফিরহাদ হাকিম বলেন, “পিকে দুয়া সাহেব, বরো ওয়ান কী করছে? এটা ছোটখাটো ব্যাপার। বরো দেখে নেবে। তারপর সে সুয়ারেজ এবং ড্রেনেজ ডিপার্টমেন্টকে জানাবে”।
এরপর নিজের OSDকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে মেয়র বলেন, “এটা তুমি একা পারবে না। একটা দফতর তৈরি করো। এটা আমার জন্য খুব অসম্মানজনক। দিজ ইজ ইনসাল্টিং টু মি। আমাকে ফোন করার পরও কর্পোরেশনে কাজ হল না। আই হ্যাভ টু স্টে ইন দিজ পোস্ট ফর ডুইং দিজ জব অর আই হ্যাভ টু লিভ দিজ চেয়ার”।
এদিনের এই অনুষ্ঠানে ফিরহাদ হাকিম জানান যে কলকাতার নাগরিকরা এবার ঘরে বসেই যাতে জন্ম ও মৃত্যুর শংসাপত্র পেয়ে যান, এমন চেষ্টাই করছে কলকাতা পুরসভা। নানান পুরপরিষেবাকে মানুষের দুয়ারে কীভাবে পৌঁছে দেওয়া যায়, সেই পরিকল্পনাই করছেন ফিরহাদ হাকিম।






