পড়ুয়াদের উস্কানি দেওয়ার অভিযোগ, গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত প্রতিযোগী তথা ইউটিউবার ‘হিন্দুস্তানি ভাউ’

পাকিস্তান বিরোধী স্লোগান দেওয়া ভিডিও পোস্ট করে বেশ জনপ্রিয় হন ইউটিউবার ‘হিন্দুস্তানি ভাউ’। ‘বিগ বস’-এর প্রতিযোগীও ছিলেনব তিনি। এখন তিনি তথাকথিত ‘সোশ্যাল ইনফ্লুয়েন্সার’। তাঁর জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়ায় কম নয়।

তবে এবার পড়ুয়াদের প্রভাবিত করার জন্য ও বিক্ষোভে উস্কানি দেওয়ার জন্য মঙ্গলবার গ্রেফতার হলেন এই হিন্দুস্তানি ভাউ। তাঁর বিরুদ্ধে দশম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের উস্কানি দিয়ে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর অভিযোগ আনা হয়েছে।

গতকাল, সোমবার দশম এবং দ্বাদশ শ্রেণির অফলাইন পরীক্ষা বন্ধের দাবী জানিয়ে মহরাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড়ের বাড়ির সামনে হাজার হাজার পড়ুয়া বিক্ষোভ দেখায়। তারা দাবী তোলে, অতিমারি পরিস্থিতিতে তারা অনলাইনে পড়াশোনা করেছে। তাই তাদের পরীক্ষাও অনলাইনেই নিতে হবে।

সরকারকে অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বদলাতে হবে বলে দাবী জানায় পড়ুয়ারা। পুলিশের অভিযোগ, ছাত্রদের বিক্ষোভ দেখানোর জন্য এক ইউটিউবার তাদের উসকেছেন। পুলিশের তরফে এও জানানো হয় যে নেটমাধ্যমে তিনি ‘হিন্দুস্তানি ভাউ’ নামে জনপ্রিয়। তবে তাঁর আসল নাম বিকাশ ফাটক।

মুম্বইয়ের ধারাভি থেকে বিকাশকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের কথায়, বিক্ষোভকারী পড়ুয়াদের যাতে বাধা না দেওয়া হয়, এই জন্য বিকাশ নাকি পুলিশের কাছে অনুরোধ করেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধার‍্য মামলা দায়ের করা হয়েছে।

এইসব মামলার মধ্যে দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগও রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ এই ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করেছে, তাদের নাম বখর খান ও ইকরার খান।

এই ঘটনায় মুম্বইয়ের ডেপুটি কমিশনার অব পুলিশ (জোন ৫) প্রণয় অশোক জানান, বিকাশ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ছাত্রছাত্রীদের বিক্ষোভ দেখানোর জন্য উসকানি দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।

আরও অন্যান্য খবর