ফের রাজ্যে ভোট হবে আগামীকাল, পুনর্নির্বাচনের ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনের

পুরভোট নিয়ে বিরোধীদের তরফে একাধিক অভিযোগ জানানো হয়েছে। প্রধান বিরোধী দল বিজেপি রাজ্যের ১০৮টি পুরসভাতেই ফের নির্বাচনের দাবী জানিয়েছে। তবে শেষ পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের তরফে দুটি বুথে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের তরফে ঘোষণা করা হল যে শ্রীরামপুর ও দক্ষিণ দমদমের একটি বুথে ফের হবে নির্বাচন।

জানা গিয়েছে, আগামীকাল, মঙ্গলবার শ্রীরামপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে ফের ভোটগ্রহণ হবে। এই বুথটি মহেশ কলোনি যুব কিশোর সঙ্ঘে। এ ছাড়াও এদিন ভোট হবে দক্ষিণ দমদম পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর বুথে। এটি রয়েছে লেক পয়েন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে।

গতকাল, রবিবার ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয় যে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে । সমস্ত অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। কমিশনের তরফে বলা হয় যে ৮২টি বুথে ইভিএম ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে।

কমিশন এও জানায় যে অভিযোগ পাওয়া মাত্রই সেই সব বুথে নতুন ইভিএম লাগানোর ব্যবস্থা করা হয়। কমিশনের তরফে বিবৃতিও দেওয়া হয় যে কোন কোন জায়গায় পুনর্নির্বাচন হবে, তা সোমবার জানানো হবে।

সেই অনুযায়ীই আজ পুনর্নির্বাচনের ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। জানানো হল, সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পর রাজ্যে দুটি বুথেই ফের ভোটগ্রহণের প্রয়োজন, আর তা হল শ্রীরামপুর ও দক্ষিণ দমদমের একটি করে বুথ।

আরও অন্যান্য খবর