‘বিজেপির থেকে নেতা ধার করে কাজ চালাতে হচ্ছে’, শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করায় এবার ‘বহিরাগত’ তত্ত্ব নিয়ে তৃণমূলকে কটাক্ষ সুকান্তের

আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে বলিউডের বর্ষীয়ান নেতা শত্রুঘ্ন সিনহাকে। এই প্রসঙ্গে এবার ‘বহিরাগত’ তত্ত্ব টেনে আনলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

এই নিয়ে এদিন সুকান্ত বলেন, “শত্রুঘ্ন সিনহা তো অন্য রাজ্যের মানুষ। গোটা বাংলা তথা আসানসোলে তৃণমূল নেতারা এতটাই অযোগ্য যে সেখানে প্রার্থী খুঁজে পাওয়া গেল না। বিহার থেকে প্রার্থী ধার করে আনতে হচ্ছে। গোটা বিধানসভা নির্বাচনে আমরা শুনে এসেছি বহিরাগত তত্ত্বের কথা। এখন দেখতেও পাচ্ছি”।

এদিন তিনি আরও বলেন, “উপনির্বাচনে তৃণমূলের দুই প্রার্থী প্রাক্তন বিজেপি নেতা। কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন দুজনেই। বিজেপির কাছ থেকে নেতা ধার করে চালাচ্ছে তৃণমূল। তাদের নিজস্ব নেতা নেই। বাবুল সুপ্রিয় আর আসানসোলে দাঁড়াতে চাইছেন না বুঝতে পারছি অথবা তৃণমূলই তাঁকে দাঁড় করাতে চাইছে না। এর পিছনে নির্দিষ্ট কিছু কারণ অবশ্যই আছে”।

এই বিষয় নিয়ে বিজেপি নেতা অমিত মালব্যও তোপ দেগেছেন। টুইটে তিনি লেখেন, “জল্পনা ছিল আসানসোল থেকে প্রার্থী করা হবে তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। কিন্তু ভাইপো অভিষেকের ক্ষমতা খর্ব করতেই একেবারে রাজ্যের বাইরে থেকে প্রার্থী নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়”।

https://twitter.com/amitmalviya/status/1502916105303560194?ref_src=twsrc%5Etfw

বিজেপির এই মন্তব্য নিয়ে পাল্টা তোপ দেগেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন আসানসোল লোকসভা উপনির্বাচনে লড়বেন শত্রুঘ্ন সিনহা। অন্যদিকে বালিগঞ্জের বিধানসভা উপনির্বাচনে লড়বেন বাবুল সুপ্রিয়। শত্রুঘ্ন সিনহা অরাজনৈতিক লোক নন। উনি অভিনেতা হলেও ওঁর একটি রাজনৈতিক পরিচয় এবং ইতিহাসও রয়েছে। আমাদের ব্রিগেড সমাবেশেও এসেছিলেন তিনি। তাঁর মতন প্রার্থী পেয়ে আমরা উৎসাহিত। এরকম কোনও মানুষ থাকলে লোকসভায় আমাদের লড়াইটা অনেক সহজ হবে”।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বাবুল সুপ্রিয়। সেই সময় তিনি সাংসদ পদ ছেড়ে দেওয়ার জেরে খালি হয়ে যায় আসানসোলের সাংসদ পদ। আবার কালীপূজার দিন প্রয়াত হন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এর ফলে খালি হয় বালিগঞ্জ কেন্দ্র। ওই দুই কেন্দ্রেই উপনির্বাচনের জন্য তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে শত্রুঘ্ন সিনহা ও বাবুল সুপ্রিয়কে।

RELATED Articles