শেয়ার বাজারে আসতে চলেছে এলআইসি। ইতিমধ্যেই এলআইসি আইপিও নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বেশ রমরমা দেখা দিয়েছে। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জেরে বাজারে স্থিতিশীলতা বজায় থাকছে না। এর মাহগে এলআইসি আইপিও নিয়ে কৌতূহল বেশ তুঙ্গে।
তবে জানা যাচ্ছে যে, তাড়াহুড়ো করে এলআইসি আইপিও কিন্তু বাজারে ছাড়া হবে না। নানান বিদেশী প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের কাছ থেকে আরও ভালোভাবে যাতে প্রতিক্রিয়া মেলে, এই জন্য মে মাসের মাঝামাঝি পর্যন্ত সময় ধার্য ক্রাআ হয়েছে বলেই সূত্রের খবর।
জানা গিয়েছে, পাবলিক অফারের মাধ্যমে জীবন বীমা সংস্থার ৫ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে প্রায় ৬৫ হাজার কোটি টাকা ঘরে তুলতে চায় কেন্দ্র সরকার। এর ফলে ২০২১-২২ অর্থবর্ষে সম্পদ বিক্রয় লক্ষ্যমাত্রার ঘাটতি কিছুটা কমাতে পারবে কেন্দ্র।
বলে রাখি, ২০২১-২২ অর্থবর্ষে বিলগ্নিকরণের লক্ষ্যমাত্রা ৫৫ শতাংশ কমিয়ে ৭৮ হাজার কোটি করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও পূরণ হয়নি সরকারের লক্ষ্যমাত্রা। বিলগ্নিকরণের মাধ্যমে সরকার এখনও পর্যন্ত মাত্র ১২ হাজার ৪২৩.৬৭ কোটি টাকা সংগ্রহ করেছে বলে খবর।
এই আবহে এই বিষয়ে এক কর্তা এক সংবাদমাধ্যমে বলেন, “এলআইসি আইপিও লঞ্চের সিদ্ধান্ত পেশাদারভাবে নেওয়া হবে। খুচরো এবং প্রাতিষ্ঠানিক উভয় ক্ষেত্রেই সর্বাধিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত করেই এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বিনিয়োগকারীদের মনোভাবের উপর বিরূপ প্রভাব ফেলেছে”।
প্রসঙ্গত, এলআইসি আইপিও লঞ্চ করার উইন্ডো খোলা রয়েছে আগামী ১২ই মে পর্যন্ত। এর মধ্যে আইপিও লঞ্চ করা না হলে এরপর আবার নতুন করে নিয়ন্ত্রক অনুমোদনের প্রয়োজন পড়বে। দেশের বৃহত্তম ইনিশিয়াল পাবলিক অফারিং হয়ে উঠবে এলআইসি। এর জেরে ২০ শতাংশ বিদেশী বিনিয়োগের অনুমোদন দিয়েছে কেন্দ্র।





