ফের আক্রান্ত তৃণমূল কাউন্সিলর! গাড়ি নিয়ে ধাক্কা দিয়ে খুনের চেষ্টার অভিযোগ, গুরুতর আহত হয়ে ভর্তি হাসপাতালে

বিগত কয়েকদিন ধরেই রাজ্যে একের পর এক খুনের ঘটনা ঘটেই চলেছে। ঝালদা ও পানিহাটির দুই কাউন্সিলরের খুনের ঘটনার রেশ কাটতে না কাটতে গত সোমবার রামপুরহাটে যে গণহত্যা ঘটে, তার জেরে বঙ্গ রাজনীতি এখন উত্তপ্ত। আর এরই মধ্যে রাজ্যের আরও এক তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টার অভিযোগ উঠল।

রূপা সরকার হলেন তারকেশ্বর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। গতকাল, বুধবার দুপুর নাগাদ পুরসভায় তিনি একটি মিটিং সেরে ওয়ার্ড সভাপতি অশোক গাইনের বাইকে করে বাড়ি ফিরছিলেন।  কিন্তু অভিযোগ, ১২ নম্বর ওয়ার্ডের বাজিতপুর এলাকা দিয়ে যখন তারা যাচ্ছিলেন, ঠিক সেই সময় জোৎসম্ভু রেল গেটের কাছে আচমকাই একটি মারুতি ভ্যান এসে তাদের ধাক্কা মারে। আর ধাক্কা মারার পরই দ্রুত গতিতে গাড়িটি পালিয়ে যায়।

মারুতি গাড়িটির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন রূপা সরকার ও অশোক গাইন। গুরুতর চোট লাগে তাদের। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করেন বলে খবর। তারাই তাদের দু’জনকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন কাউন্সিলর ও অশোক গাইন দুজনেই।

দু’জনেই জানিয়েছেন যে ওই মারুতি গাড়িতে কে বা কারা ছিল, তারা দেখতে পায়নি। তবে এই ঘটনায় বিরোধীদের দিকেই আঙুল তুলেছেন তারা। রূপা সরকারের কথায়, “প্রতিদিনের মতোই পুরসভা থেকে বেরিয়ে ছিলাম। আমি বাইকে ছিলাম। হঠাৎ একটা মারুতি এসে ধাক্কা মারে আমায়। ছিটকে পড়ে যাই। তবে গাড়ির ভিতরে কে বা কারা ছিল তা জানতে পারিনি। কারণ তার আগেই গাড়িটি পালিয়ে যায়”।

এই ঘটনায় সরব হয়ে তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু বিরোধীদের দায়ী করে বলেন, “আমাদের কাউন্সিলর ফিরছিলেন। সেই সময় একটি মারুতি গাড়ি ধাক্কা মেরেছে। আমাদের ওয়ার্ড সভাপতি ছিলেন। দু’জনই ভয়ঙ্কর ভাবে চোট পেয়েছেন। বুঝতে পারলাম না মারুতিটা কীভাবে মারল, কী করল! এখানেই শেষ নয়, পুরসভা থেকে বেরোনোর পরও গাড়িটি নাকি দাঁড়িয়ে ছিল। পুরোটাই পরিকল্পিত ভাবে করা হয়েছে”।

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পিছনে কাদের হাত রয়েছে, এই ঘটনায় কোনও রাজনৈতিক যোগ রয়েছে কী না, সবটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। ওই এলাকার ওই সময়ের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। কাউন্সিলরকে খুন করার চেষ্টার অভিযোগের ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

RELATED Articles