নিত্যযাত্রীদের বাড়বে দুর্ভোগ! আজ রাত ১১টা থেকে টানা ১৯ দিন বন্ধ থাকবে মা উড়ালপুল

কলকাতাবাসীকে যানজটের জ্বালা থেকে কিছুটা উপশম দিয়েছিল মা উড়ালপুল। এই উড়ালপুলের জেরে যানজট সহ্য না করেই যাওয়া যায় নিজের গন্তব্যে। তবে এবার এল খারাপ খবর। সংস্কার করা হবে মা উড়ালপুলের একাংশ। আর তাই এই কারণ আজ রাত ১১টা থেকে টানা ১৯ দিন বন্ধ থাকবে এই উড়ালপুল। এর জেরে ভোগান্তি পোহাতে হবে শহরবাসীকে।

কলকাতা পুলিশ সূত্রের খবর অনুযায়ী, মা উড়ালপুলের একাংশে হবে সংস্কারের কাজ৷ আর এই কারণেই টানা ১৯ দিন বন্ধ থাকবে এই উড়ালপুল। তবে চিন্তার তেমন কারণ নেই। কারণ, মা উড়ালপুল বন্ধ থাকবে শুধুমাত্র রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্তই। দিনের বেলা স্বাভাবিক যান চলাচল করবে উড়ালপুলে৷

রাতের বেলা উড়ালপুলের কাজ করার সময় যাতে কোনও গাড়ি ভুল করে উড়ালপুলে না উঠে পড়ে, এই কারণে উড়ালপুলের দু’দিকেই ওয়ার্ক ইন প্রোগ্রেস বোর্ড লাগানো হচ্ছে৷ রাতের বেলা সংস্কারের কাজ হলেও যাতে সকাল ৬টা থেকে উড়ালপুলে যান চলাচল স্বাভাবিক থাকে, সেদিকেও বাড়তি নজর দেওয়া রাখা হচ্ছে বলে খবর।

কলকাতাবাসীকে যানজটের যন্ত্রণা থেকে মুক্তি দিতে মা উড়ালপুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাত কিলোমিটার দৈর্ঘ্যের এই উড়ালপুল শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তকে সংযুক্ত করে। এর জেরে খুব কম সময়েই গন্তব্যে পৌঁছে যাওয়া যায়।

শুধুমাত্র অফিস টাইমই নয়, যানজট এড়ানোর জন্য দিনভরই এই উড়ালপুলে বেশ ব্যস্ততা দেখা যায়। তবে টানা ১৯ দিন এভাবে উড়ালপুল বন্ধ থাকার কারণে যাত্রীদের যাতে কোনও সমস্যায় না পড়তে হয়, সেদিকে খেয়াল রাখা হবে বলেই জানানো হয়েছে।

RELATED Articles