এবার প্রাপ্তবয়স্ক সকলেই পাবেন করোনার বুস্টার ডোজ, কোভিশিল্ডের বুস্টার ডোজের দাম কত পড়বে? জানালেন সেরাম ইনস্টিটিউট কর্তা

এতদিন পর্যন্ত ষাট বছরের ঊর্ধ্বের সকলকেই দেওয়া হচ্ছিল বুস্টার ডোজ। তবে আজ, শুক্রবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে যে এবার থেকে প্রাপ্তবয়স্কদের সকলকেই দেওয়া হবে করোনার বুস্টার ডোজ। আগামী ১০ই এপ্রিল অর্থাৎ রবিবার থেকেই এই প্রক্রিয়া শুরু হবে। সেক্ষেত্রে এই বুস্টার ডোজের দাম কত পড়বে, তা জানালেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কর্ণধার আদর পুনাওয়ালা।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানান যে কোভিশিল্ডের একটি বুস্টার ডোজের দাম পড়বে ৬০০ টাকা। বুস্টার ডোজের জন্যই তৈরি কোভোভ্যাক্স যদি সরকারি অনুমোদন পায়, তাহলে সেই টিকার দাম পড়বে ৯০০ টাকা। তিনি এও জানান যে কোভিশিল্ড ইতিমধ্যেই বুস্টার ডোজের অনুমোদন পেয়ে গিয়েছে। কোভোভ্যাক্সও খুব শীঘ্রই তা পাবে।

ওমিক্রন যখন মাথাচাড়া দেয়, তখনই কেন্দ্র সরকার ঘোষণা করেছিল যে করোনা যোদ্ধা ও ষাটের বেশি বয়সী যাদের কো-মর্বিডিটি রয়েছে, তাদের আগে বুস্টার ডোজ দিতে হবে। সম্প্রতি সেই প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে ঘোষণা করা হয় যে ষাটের বেশি যে কোনও ব্যক্তিই পাবে বুস্টার ডোজ। আর এবার কেন্দ্র জানাল যে ১৮ ও তার বেশি বয়সী সকলকেই বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

করোনার টিকা নেওয়ার ৯ মাস পর এই বুস্টার ডোজ নেওয়া যাবে। সম্প্রতি করোনার নতুন ভ্যারিয়েন্ট এক্সই বেশ উদ্বেগ সৃষ্টি করেছে। বিভিন্ন দেশে ফের মাথাচাড়া দিয়েছে করোনা। ভারতে করোনার চতুর্থ ঢেউ আসবে কী না, এখনই বলা যাচ্ছে না।

তবে ঠিক এমন সময়ে কেন্দ্র সরকারের এই ঘোষণাকে সাধুবাদ জানান আদর পুনাওয়ালা। তাঁর কথায়, এতদিন দেশবাসী করোনার বুস্টার ডোজ না নেওয়ার কারণে দেশের বাইরে যেতে অসুবিধার মধ্যে পড়ছিলেন। কারণ বেশ কিছু দেশে বুস্টার ডোজ ছাড়া ভ্রমণে অনুমতি নেই।

RELATED Articles