ফের ছানা ব্যবসায়ীদের দৌরাত্ম্য ট্রেনে, রিজার্ভ সিটের যাত্রীদের মারার হুমকি, রেল অ্যাপের মাধ্যমে তড়িঘড়ি ব্যবস্থা নিল রেল পুলিশ

ট্রেনে ছানা ব্যবসায়ীদের দৌরাত্ম্যের অভিযোগ নতুন নয়। দূরপাল্লার ট্রেনে জেনারেল কামরায় না উঠে, রিজার্ভ সিট দখল করার অভিযোগ বারবার উঠে এসেছে তাদের বিরুদ্ধে। এমনকি, নানান লোকাল ট্রেন থেকেও তাদের বিরুদ্ধে অভিযোগ আসে। ভেন্ডারে না উঠে মাঝেমধ্যেই জেনারেল কামরায় উঠতে দেখা যায় তাদের। এর জেরে ওই ছানার জল পড়ে নোংরা হয় ট্রেনের কামরা, এমনকি গন্ধতেও ভরে যায় কামরা।

বারবার এই নিয়ে অভিযোগ করেও তেমন কোনও লাভ হয়নি। এবার ফের এমনই এক ঘটনার নিদর্শন দেখা গেল।  ঘটনাটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান এক ব্যক্তি। তাঁর কথায়, গত বৃহস্পতিবার তিনি ভাগীরথী এক্সপ্রেসে উঠেছিলেন। সেখানে নিজের রিজার্ভেশন সিটেই বসেন তিনি।

কিছুক্ষণ পর এক ভদ্রমহিলা এসে নিজের রিজার্ভ করা সিটে বসেন। অভিযোগকারী ব্যক্তি জানান যে ট্রেন ছাড়ার কিছু আগের মুহূর্তে আচমকাই কিছু ছানা ব্যবসায়ী ওই কামরায় উঠে পড়েন আর রিজার্ভ করা সব সিটের নীচে নিজেদের মালপত্র রেখে ‘আপার বার্থ’-এ উঠে বসে পড়ে।

এমনকি, তাদের মধ্যে একজন ধূমপান করতে শুরু করেন। সেই আপার বার্থের নিচের সিটে বসে থাকা মহিলা বারণ করলেও, তা শোনেন নি সেই ছানা ব্যবসায়ী। এর জেরে বাধ্য হয়ে রাণাঘাটে নেমে যা ওই মহিলা। তিনি এও জানান যে তিনি আসলে লালগোলা যাওয়ার জন্য টিকিট রিজার্ভ করিয়েছিলেন, কিন্তু ছানা ব্যবসায়ীদের জন্য এভাবে তাঁকে নেমে যেতে হচ্ছে।

এরপর এক দম্পতি ট্রেনে ওঠেন। কিন্তু বসতে গিয়ে তারা দেখেন যে তাদের ব্যাগপত্র রাখার জন্য কোনও জায়গা নেই আর ওই ছানা ব্যবসায়ীরা নিজেদের মালপত্র সরাতে অস্বীকার করে। এর ফলে বাধ্য হয়ে তারা রেল কর্তৃপক্ষের টোল ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানানোর চেষ্টা করেন।

কিন্তু কোনও উত্তর না পাওয়ায় রেলের মোবাইল অ্যাপ দ্বারা অভিযোগ জানান তারা। এরপরই সক্রিয় হয় কর্তৃপক্ষ। পরের স্টেশনেই ব্যবস্থা নেয় রেল পুলিশ। ধমক দিয়ে নামিয়ে দেওয়া হয় ওই ছানা ব্যবসায়ীদের। তবে ঘটনার এখানেই শেষ নয়। ওই ব্যক্তি জানান যে পলাশী স্টেশনে ছানা ব্যবসায়ীরা নেমে গেলেও প্ল্যাটফর্মে বিক্ষোভ দেখাতে থাকে তারা। শুধু তাই-ই নয়, যে দম্পতি রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিলেন, তাদের রীতিমতো মারার হুমকিও দেয় ওই ছানা ব্যবসায়ীরা।

সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তি রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান যাতে এই ছানা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তিনি এও আবেদন করেছেন যাতে তাদের যাত্রার জন্য আলাদা করে কোনও ব্যবস্থা নেওয়া হয়। নাহলে তাঁর মতোই আরও অন্যান্য মানুষ দূরপাল্লার ট্রেনে নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন।

আরও অন্যান্য খবর