বদলি রুখতে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলেন এক স্কুলের দুই শিক্ষিকা। ছাত্রীদের অপহরণ করে আটকে রাখলেন স্কুলের ছাদে। খবর পাওয়ার পর পুলিশ এসে ছাত্রীদের উদ্ধার করে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের বেহজাম এলাকায়।
গোল্ডি কাটিয়ার ও মনোরমা মিশ্র নামের দুই শিক্ষিকা উত্তরপ্রদেশের বেহজাম কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে পড়ান বলে খবর। চুক্তিভিত্তিক শিক্ষিকা হিসেবেই নিয়োগ করা হয় তাদের। এই একই স্কুলের পালিয়া শাখায় তাদের বদলির নির্দেশ এসেছে বলে জানা গিয়েছে। আর এরপরই ছাত্রীদের অপহরণ করেন ওই দুই শিক্ষিকা।
গত বৃহস্পতিবার এই বদলির নির্দেশের কথা জানতে পারেন গোল্ডি কাটিয়ার ও মনোরমা মিশ্র। আর অনুমান, এরপরই স্কুলের ছাত্রীদের অপহরণ করার সিদ্ধান্ত নেন তারা। প্রায় ২৪-২৫ জন ছাত্রীকে স্কুলের ছাদেই আটকে রাখেন ওই দুই শিক্ষিকা। এরপর স্কুল কর্তৃপক্ষের কাছে দাবী জানান যাতে তাদের বদলির নির্দেশ ফিরিয়ে নেওয়া হয়।
স্কুলের ওয়ার্ডেন ললিত কুমারী গোটা ঘটনাটি জানান পুলিশে। তাঁর অভিযোগ পেয়েই স্কুলে হাজির হয় পুলিশ। মহিলা পুলিশের সাহায্যে আটকে থাকা ছাত্রীদের উদ্ধার করা হয়।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন জেলার বেসিক এডুকেশন অফিসার লক্ষ্মীকান্ত পাণ্ডে, জেলার নারী শিক্ষার কো-র্ডিনেটর রেণু শ্রীবাস্তব এবং ব্লকের এডুকেশন অফিসার। এই ঘটনার পর নিমগাও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে শিক্ষিকাদের গ্রেফতার করা হয়েছে কী না, তা এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
গোটা বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। শুধু পুলিশই নয়, এলাকার শিক্ষা দফতরের তরফেও একটি চার সদস্যের টিম গঠন করা হয়েছে। সেই টিমও এই ঘটনার তদন্ত করবে বলে জানা গিয়েছে।
এও জানানো হয়েছে যে শিক্ষিকাদের দোষ যদি প্রমাণিত হয়, তাহলে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। সূত্রের খবর, ওই ওয়ার্ডেনের সঙ্গে দুই শিক্ষিকার মনোমালিন্য ছিল। তার জেরেই নাকি ট্রান্সফার করা হয়েছিল তাঁকে। পুলিশের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।





