জঙ্গলমহলে জারি করা সতর্কতা। এই এলাকায় ফের মাওবাদী কার্যকলাপ বিস্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে খবর। গত কয়েকদিন ধরে মাওবাদীদের ভয়ে কাঁটা জঙ্গলমহল। তৃণমূল নেতা ও পুলিশকে হুমকি দিয়ে একাধিক পোস্টার উদ্ধার হয়েছে।
ঝাড়গ্রামের চন্দ্রি এলাকায় গুলিও চলেছে বলে খবর। এর জেরে জখম হয়েছেন এক যুবক। গত সপ্তাহের ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া ফাঁড়ির রামকৃষ্ণ বাজার এবং সরডিহা স্টেশন সংলগ্ন একটি দেওয়ালে মাওবাদীদের নামে দুটি পোস্টার চোখে পড়ে স্থানীয়দের। তাতে ‘কিষেণজি অমর রহে’ বলে উল্লেখ করে ‘খেলা হবে’ বার্তা দেওয়া।
আর এরই মধ্যে আজ, মঙ্গলবার সকালে বাঁকুড়ার সারেঙ্গা থানার গোয়ালবাড়ি অঞ্চলের আঁধারিয়া এলাকায় মাওবাদী পোস্টার দেখতে পান স্থানীয়রা। এর মধ্যে একটিতে লেখা ছিল, “আমাদের নেতা কিষেণজির মৃত্যুর বদলা চাই। বর্তমান সরকারের সরকারি কর্মচারি যেসব দুর্নীতি করে চলেছে তাঁদের বলছি, তোমাদের সময় শেষ হয়ে গিয়েছে। বলহরি, হরিবল”।
আর অন্য একটিতে লেখা ছিল, “খেলা হবে, খেলা হবে। এবার তো আমরা খেলব তৃণমূল নেতাদের সঙ্গে। বলহরি, হরিবল।” সাদা কাগজের উপর লালকালিতে লেখা এই পোস্টারের প্রেরকের জায়গায় লেখা, “সিপিআই (মাওবাদী)”।
অভিযোগ, বাঁকুড়ার জঙ্গলমহল এলাকা সারেঙ্গা, রানিবাঁধ, সিমলাপাল থানা এলাকায় বেড়েছে মাওবাদি কার্যকলাপ। সূত্রের দাবী, সেই খবর পুলিশের কাছে এসে পৌঁছেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে পুলিশকে ১৫ দিনের জন্য সতর্ক থাকতে বলা হয়েছে। আর এই সময়সীমার মধ্যেই সারেঙ্গা থেকে উদ্ধার হল এম হুঁশিয়ারি পোস্টার।
আজ, মঙ্গলবার নবান্ন সভাঘরে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ইস্টার্ন জোনাল কাউন্সিলের স্ট্যান্ডিং কমিটির বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। থাকবেন চার রাজ্য পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার শীর্ষ আমলা। বাংলায় মাওবাদী কার্যকলাপের বিষয়টি এই বৈঠকে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।





