গত ২২শে মার্চ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে থেকে উদ্ধার হয় বোমা। একসঙ্গে ৪৫টি বোমা উদ্ধার হয়েছিল তাঁর বাড়ির সামনে থেকে। সেই ঘটনার তদন্ত চালাচ্ছিল জাতীয় তদন্তকারী সংস্থা এএনআই। এবার এই ঘটনায় আজ, বৃহস্পতিবার তৃণমূল কাউন্সিলরের ছেলেকে গ্রেফতার করল এএনআই।
সূত্রের খবর, জাতীয় তদন্তকারী সংস্থা ভাটপাড়া পুরসভা ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীত সিংয়ের ছেলে নমিত সিং গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে। এদিকে তৃণমূল কাউন্সিলর সুনীতকেও জিজ্ঞাসাবাদ করেন এনআইএ তদন্তকারীরা। এদিন জিজ্ঞাসাবাদের জন্য মোট পাঁচ জনের একটি দল এদিন সুনীতার বাড়ি যায়। জিজ্ঞাসবাদের পরই সুনীতার ছেলে নমিতকে গ্রেফতার করে এনআইএ।
বলে রাখি, দু’দিন আগেও অর্জুনের বাড়ির সামনে থেকে একটি তাজা কৌটো বোমা উদ্ধার হয়েছিল। সেই বোমা উদ্ধারেও নাম জড়ায় নমিতের। অর্জুন সিং অভিযোগ করেছিলেন যে নমিত সিংই কাউকে দিয়ে বোমা ফেলেছেন। জগদ্দল থানার পুলিশ এসে সেই বোমা নিষ্ক্রিয় করে।
আর এরই মধ্যে মার্চে অর্জুন সিংয়ের বাড়ির সামনে থেকে উদ্ধার হওয়া বোমার ঘটনায় গ্রেফতার করা হল সুনীত সিংয়ের ছেলে নমিত সিংকে। এই ঘটনায় তৃণমূল কাউন্সিলরের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত।
উল্লেখ্য, ভাটপাড়ায় বোমাবাজির ঘটনা নতুন নয়। বারবার এমন ঘটনায় অর্জুনের গড়ের নাম উঠে এসেছে। মাঝেমধ্যেই অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটতে দেখা গিয়েছে। ভাটপাড়ায় নানা অশান্তিতেও একাধিকবার নাম জড়িয়েছে খোদ অর্জুন সিংয়ের।
এদিকে আবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ক্রমেই বিবাদ চওড়া হচ্ছে অর্জুনের। প্রকাশ পাচ্ছে অর্জুনের ক্ষোভ। এমন আবহে এএনআই-য়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এই অভিযোগের পরই এবার অতিসক্রিয়তা দেখিয়ে এই ঘটনায় তদন্ত করে তৃণমূল কাউন্সিলরের ছেলেকে গ্রেফতার করল এএনআই।





