রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। জানা যাচ্ছে, কাঁথিতে বিজেপির (BJP) ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে অভিযোগ তুলে মিছিল করে তৃণমূল (TMC)। আর এই মিছিল থেকেই শুভেন্দু অধিকারীকে কার্যত হুমকি দেন তৃণমূল নেতা।
গতকাল, রবিবার শুভেন্দু অধিকারীর পাড়ায় অর্থাৎ কাঁথিতে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়ে মিছিল করে তৃণমূল। এদিনের এই মিছিল থেকেই কাঁথি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন যে মন্তব্য করেন, তা ঘিরেই রীতিমতো গোটা এখন রাজ্য রাজনীতিতে বেশ চাঞ্চল্য শুরু হয়েছে। এদিন প্রদীপ গায়েন শুভেন্দুকে উদ্দেশ্য করেই বলেন, “আমাদের ভদ্রতাকে আপনারা দুর্বলতা ভাবলে ভুল করবেন৷ কাল চাইলে আমার কাঁথিতে আপনাদের ঢুকতে দিতাম না৷ আপনার যদি দম থাকে তাহলে ১৫ মিনিটের জন্য সিআরপিএফ ছেড়ে বেরিয়ে আয়, কত বড় বাপের বেটা দেখব”।
শুধু তাই-ই নয়, তিনি আরও বলেন, “এরপর মাত্রা অতিক্রম করলে সিআরপিএফের সামনে মারব৷ মোদী, শাহ কেউ বাঁচাতে পারবে না”। নিজের এমন মন্তব্যের আবার সাফাইও দিয়েছেন তৃণমূল নেতা। তাঁর কথায়, “কেউ ইঁট মারলে আমরা রসগোল্লা দিব না, পাল্টা পাথর মারব৷ আর নেতাদের কথা শুনে হাত গুটিয়ে বসে থাকব না৷ শুভেন্দু এরপরও মাত্রা অতিক্রম করলে আমরা কর্মীরা লড়াইটা বুঝে নেব৷ কাঁথিতে তোমার ঢোকা হবে না৷ কাঁথি অবরোধ করে রাখব”।
এরপর পঞ্চায়েত সমিতির সভাপতিকে আরও বলতে শোনা যায়, “১১ বছরে বাংলার উন্নয়ন, বাংলার আমূল পরিবর্তন সহ্য হচ্ছে না৷ ৯০ হাজার কোটি টাকা বকেয়া ৷ আগে সেটা মেটা৷ তারপর বড় বড় কথা বলবি”।
তাঁর সংযোজন, “আসলে দিদির রাজত্বে বাংলার এত উন্নয়ন সহ্য হচ্ছে না৷ তাই মিথ্যে কুৎসার আশ্রয় নিতে হচ্ছে৷ একদম বেশি লাফালাফি করবে না৷ তুমি যে স্কুলের মাস্টার, আমরা সেই একই কারখানার প্রোডাক্ট”।
তৃণমূল নেতার এমন মন্তব্যের পর এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে তৃণমূল নেতার এহেন মন্তব্যের কারণে যে কাঁথি এলাকায় একটা চাপানউতোর তৈরি হয়েছে, তা বলাই বাহুল্য।





