বেআইনিভাবে স্কুল শিক্ষিকার চাকরি পাওয়ার অভিযোগ ওঠে মন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari) কন্যা অঙ্কিতা অধিকারীর (Ankita Adhikari) বিরুদ্ধে। এরপরই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই কলেজ সার্ভিস কমিশনের (College Service Commission) ইন্টারভিউ তালিকায় নাম উঠল অঙ্কিতার। আর সেই নিয়ে নতুন করে দানা বাঁধল বিতর্ক।
কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউর ডাক পাওয়া প্রার্থীদের যে তালিকা সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে যে অঙ্কিতা অধিকারীর নাম রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকের শূন্যপদের জন্য ইন্টারভিউর তালিকায় দেখা গিয়েছে তাঁর নাম। গত ২৬ এপ্রিল ইন্টারভিউ দিয়েছেন অঙ্কিতা, এমনটাও জানা গিয়েছে।
এই নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই বিষয়ে কলেজ সার্ভিস কমিশনের তরফে জানানো হয় যে আদালতের নির্দেশ জারি হওয়ার আগে এই ঘটনাটি ঘটেছে। এও বলা হয়ে যে আদালত এমন কোনও নির্দেশ দেয় নি যে অঙ্কিতা অধিকারীকে অন্য কোনও চাকরির ইন্টারভিউতে ডাকা যাবে না। যোগ্য প্রার্থী হিসাবে পদ্ধতি মেনেই অঙ্কিতাকে ডাকা হয়েছে বলে দাবী কলেজ সার্ভিস কমিশনের।
প্রসঙ্গত, গত ২০শে মে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে স্কুল শিক্ষিকার চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে এই ৪১ মাসে তিনি যা বেতন পেয়েছেন, তা দুটি কিস্তিতে ফেরত দিতে হবে অঙ্কিতাকে। অঙ্কিতার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি ইন্টারভিউ না দিয়েই তাঁর বাবা মন্ত্রী পরেশ অধিকারীর প্রভাবের জেরে এসএসসিতে চাকরি পেয়েছিলেন।
গত সোমবার মেখলিগঞ্জ ইন্দিরা বালিকা উচ্চ বিদ্যালয়ে অঙ্কিতার বেতন বন্ধের নোটিশ পৌঁছয়। এরপর তাঁকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়। এর কয়েকদিনের মধ্যেই কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউর তালিকায় অঙ্কিতার নাম উঠে আসায় ফের এই নিয়ে বিতর্ক শুরু হল।





