সিঁথিকাণ্ডে নয়া মোড়। সিঁথি থানায় পুলিশি হেফাজতে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী আশুরা বিবি নিখোঁজ। মঙ্গলবার সকাল থেকেই বেপাত্তা তিনি। এই ঘটনার পিছনে পুলিশেরই হাত রয়েছে বলে অভিযোগ তুলছে নিহত রাজকুমার সাউয়ের পরিবার। যদিও পুলিশ অভিযোগ খারিজ করে দিয়েছে। তবে পুলিশের ওপর আর আস্থা নেই রাজকুমারের পরিবারের। তাই গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছেন তাঁরা।
আরও পড়ুন – দুই সন্তানের বেশি জন্ম দিলে শাস্তি, বিল পেশ রাজ্যসভায়। নতুন আইনের অপেক্ষায় দেশ।
জানা গিয়েছে, পেশায় কাগজকুড়োনি আশুরা বিবি পাইকপাড়ার রাত্রিবাসের বাসিন্দা। তাঁর স্বামী রিকশাচালক। ৫ মাসের অন্তঃসত্ত্বা আশুরা বিবি মঙ্গলবার সকালে ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ নেই। এইভাবে আশুরা বিবির নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনার পিছনে পুলিশের যোগসাজশ রয়েছে বলে দাবি রাজকুমারের পরিবারের। তাদের অভিযোগ, রাজকুমার সাউয়ের ‘খুনের’ ঘটনা ধামাচাপা দিতেই আশুরাকে সরিয়ে দিয়েছে পুলিশ। কারণ সোমবার রাতে থানা থেকে ফিরে আসার পরেই নিজের বয়ান বদল করে পুলিশের বিরুদ্ধে সুর চড়ান আশুরা। পুলিশ চাপ দিয়ে তাঁকে মিথ্যা বয়ান দিতে বাধ্য করেছিল, নাহলে থাপ্পড়, ইলেকট্রিক শক মারার হুমকি দিয়েছিল বলেও অভিযোগ তোলেন আশুরা। রাজকুমার সাউকে পুলিশ যে অমানবিক অত্যাচার করেছিল, সেকথাও জানান তিনি।
আরও পড়ুন – দুই সন্তানের বেশি জন্ম দিলে শাস্তি, বিল পেশ রাজ্যসভায়। নতুন আইনের অপেক্ষায় দেশ।
পুরো ঘটনার সত্যতা যাচাই করতে সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছে রাজকুমারের পরিবার। যদিও গোটা ঘটনার তদন্তভার হাতে নিয়েছে লালবাজারের গোয়েন্দা শাখা। তদন্তের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত কমিশনার দময়ন্তী সেন।





