মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তোপ দেগেছিলেন তিনি। রাজ্য সরকারকে জনসাধারণের কাছে প্রতিপন্ন করার ও অশান্তি লাগানোর চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই কারণে এবার ডায়মন্ড হারবার থানায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হল।
কিছুদিন আগে ডায়মন্ড হারবার শহরের একটি পেট্রোল পাম্পের সামনে থেকে ডায়মন্ড হারবার থানার আর্মড ফোর্সের এএসআই সমীর দাসের মৃতদেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ নিয়ে বেশ ধোঁয়াশা তৈরি হয়েছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায় যে দুর্ঘটনাজনিত কারণে ওই এএসআইয়ের মৃত্যু হয়েছে। যদিও তদন্ত এখনও শেষ হয়নি।
সম্প্রতি সেই পুলিশ কর্মীর মৃত্যুর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সরব হন দিলীপ ঘোষ। তিনি দাবী করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে পুলিশও সুরক্ষিত নন। এমনকি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলকেও তোপ দাগেন তিনি। এই ঘটনার প্রেক্ষিতেই পুলিশে অভিযোগ করেন ডায়মন্ড হারবারের বাসিন্দা তথা ডায়মন্ড হারবার টাউন তৃণমূল সভাপতি ও পুরসভার কাউন্সিলর অমিত সাহা।
তিনি প্রশ্ন তোলেন যে পুলিশ অফিসারের মৃত্যুর তদন্ত চলাকালীন একজন জনপ্রতিনিধি হয়ে দিলীপ কীভাবে এমন মন্তব্য করলেন। এই নিয়ে ডায়মন্ড হারবার থানায় এফআইআর-ও দায়ের করেন অমিত সাহা।
তাঁর দাবী, কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, বরং ডায়মন্ড হারবারের বাসিন্দা হিসেবেই তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে এই বিষয়ে দিলীপ ঘোষের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।






