সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় বিভাজন সৃষ্টি ও উস্কানিমূলক পোস্টের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা

পয়গম্বর বিতর্ক নিয়ে এখন গোটা রাজ্য তথা দেশে কার্যত আগুন জ্বলছে। রাজ্যের নানান প্রান্তে ঘটছে নানান হিংসার ঘটনা। হাওড়ায় পরিস্থিতি এখনও উত্তপ্ত। গত বৃহস্পতিবার ও শুক্রবার হাওড়ার সলপ, ধূলাগড়, উলুবেড়িয়াতে যে হিংসার ঘটনা ঘটেছে, তাতে গোটা বাংলায় তৈরি হয়েছে আতঙ্ক।

বিজেপি নেত্রী নূপুর শর্মা নবী হজরত মহম্মদকে নিয়ে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদে হাওড়ার নানান প্রান্তে বিক্ষোভ দেখান বিশেষ সম্প্রদায়ের লোকজন। এর জেরে গোটা হাওড়া জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। ১৪৪ ধারা জারি করা হয়েছে উলুবেড়িয়ার নানা জায়গায়। আর এরই মাঝে এল আরও এক খবর।  

পয়গম্বর বিতর্কের মাঝেই গ্রেফতার করা হল পশ্চিম মেদিনীপুরের বেলদার বিজেপি নেতা শিবশঙ্কর জানাকে। অভিযোগ তিনি সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করেছেন। এই অভিযোগের ভিত্তিতেই গতকাল, শনিবার গ্রেফতার করা হয়েছে তাঁকে। আজ তাঁকে আদালতে পেশ করা হতে পারে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, বেলদার বিজেপি নেতা শিবশঙ্কর জানা বিগত বেশ কিছুদিন ধরেই নাকি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু উস্কানিমূলক পোস্ট করছিলেন। অভিযোগ, তাঁর এই পোস্ট ধর্মীয় বিভাজন সৃষ্টি করছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে।

একথা সামনে আসার পরই এই নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। আর তদন্তে নেমেই বিজেপি নেতা শিবশঙ্কর জানাকে গ্রেফতার করে বেলদা থানার পুলিশ। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ও ২৯৫এ ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ বিজেপি নেতাকে আদালতে পেশ করা হতে পারে।

আরও অন্যান্য খবর