অমরনাথ যাত্রায় নাশকতার ছক, ২ পাক জঙ্গিকে এনকাউন্টারে খতম করে পরিকল্পনা বানচাল করল জম্মু-কাশ্মীর পুলিশ

আসন্ন অমরনাথ যাত্রায় নাশকতার ছক কষেছিল পাক জঙ্গিরা। শ্রীনগরের বেমিনা এলাকায় এক পাক সন্ত্রাসবাদী-সহ দুই লস্কর-ই-তৈবার জঙ্গিকে এনকাউন্টারে খতম করল জম্মু-কাশ্মীর পুলিশ। জানা গিয়েছে, অমরনাথ যাত্রায় নাশকতার ছক করেই ভারতে ঢুকেছিল এই দুই লস্কর জঙ্গি।

অমরনাথ যাত্রায় হামলার জন্য দুই পাক জঙ্গিকে হত্যা করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। জানা গিয়েছে, নিহত সন্ত্রাসবাদীরা একটি দলের অংশ ছিল। গত ৬ই জুন তাদের সোপার ফরেস্টে আটক করা হয়। সেই সময় পুলিশের গুলিতে নিহত হয় পাক সন্ত্রাসবাদী হানজাল্লা। কিন্তু সেই সময় দু’জন পালিয়ে যায়।

কাশ্মীর জোনের পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেন, শ্রীনগরের বেমিনা এলাকায় একটি এনকাউন্টারে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার দুই সন্ত্রাসবাদী নিহত হয়েছে। একজন পুলিশ সদস্যও সামান্য আহত হয়েছেন বলে খবর। নিরাপত্তা বাহিনী এলাকায় সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর মেলার পরই নিরাপত্তা বাহিনীর তরফে শুরু হয় এনকাউন্টার।

পুলিশের কাছে খবর ছিল যে আগামী ৩০শে জুন থেকে যে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে, সেখানে আক্রমণ করার জন্য সন্ত্রাসবাদীদের একটি দল পাকিস্তান থেকে এসেছে। সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি তারা লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে। পিওকের দায়িত্বে থাকা পাক জঙ্গিদের হ্যান্ডলার আবু হুরিয়ারা অমরনাথ যাত্রায় আক্রমণ করার কাজ দিয়ে পাঠিয়েছিল বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক মাসে কাশ্মীরে বেশ কয়েকটি সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে বেশ কিছু অনেক সন্ত্রাসবাদী এবং তাদের কমান্ডারদের খতম করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে নানান অভিযান পরিচালনা করেছে।

আরও অন্যান্য খবর