কিছুদিন আগেই তৃণমূল নেতা নির্মল মাজি (Nirmal Maji) মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) মা সারদার (Maa Sarada) সঙ্গে তুলনা করেছিলেন। বলেছিলেন, মমতাই নাকি মা সারদার পুনর্জন্ম। সেই মন্তব্য নিয়ে নানান মহলে নানান চর্চা শুরু হয়। বিতর্ক কম ছড়ায় নি নির্মলের এহেন মন্তব্যের কারণে।
মা সারদার পর এবার ফের এক তৃণমূল নেতা এক বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন। বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস এবার এক কর্মী সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা টানলেন রানি রাসমনির। আর তাঁর এমন মন্তব্যের পর ফের রাজ্যে বিতর্কের ঝড়।
গত র্বিবার বনগাঁ ক্লাবের মাঠে আয়োজিত হয়েছিল ত্রিনমুলী কর্মী সম্মেলন ও রক্তদান শিবিরের। সেখানে জড়ো হয়েছিলেন হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস থেকে শুরু করে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, সহ-সভাপতি তরুণ ঘোষ, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য, প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত বালা, একাধিক প্রাক্তন কাউন্সিলর ও আরও অনেকেই।
এই কর্মী সম্মেলনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন বিশ্বজিৎবাবু। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী রানি রাসমণির মতো করে কাজ করছেন। তার মতো করেই আমাদের মনে জায়গা করে নিয়েছেন মমতা। ১০০ বছর সকলে মনে রাখবেন মুখ্যমন্ত্রীকে”।
তৃণমূল নেতার এমন মন্তব্যের সমালোচনা করতে ছাড়ে নি বিরোধী মহল। বিজেপি নেতা দেবদাস মণ্ডল এই প্রসঙ্গে বলেন, “উনি বিজেপি ভোটে জিতে তৃণমূলে যোগ দিয়েছেন৷ লাস্ট বেঞ্চিতে রয়েছেন। জিতে যাওয়ার জন্য এসব কথা বলছে। ১০০ টার মধ্যে যে ৯৯ টি মিথ্যা কথা বলে তার সঙ্গে রানি রাসমণি মায়ের তুলনা করছেন দেখে মানুষ হাসছে। ওনার পড়াশুনা করা উচিত”।
অন্যদিকে, সিপিএম নেতা পীযুষকান্তি সাহা বলেন, “উনি কোন দলের বিধায়ক এখনও সেটার ঠিক নেই। এসব কথাবার্তা বলে কাছে গিয়ে আখের গোছানোর চেষ্টা করছেন”।
এ ঘটনা প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের তরফে বিশ্বজিৎ দাসের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি এই বিষয়ে বলেন, “রানি রাসমণি যেভাবে পিছিয়ে পড়া, দরিদ্র মানুষের জন্য কাজ করেছেন। মুখ্যমন্ত্রীও ঠিক সেভাবেই মানুষের জন্য ভাবেন, তাঁদের জন্য কাজ করছেন। সেই কারণেই এই তুলনা”।





