অনেক মানুষের জীবনে স্বপ্ন থাকে অনেক বড় হওয়ার, বিদেশে গিয়ে পড়াশোনা করে নিজের পরিবারের পাশে দাঁড়ানোর। কিন্তু এই স্বপ্ন সফল হয় ক’জনের। কেউ কেউ আটকে যান যোগ্যতার কারণে, তো আবার কেউ আর্থিক সংকটের কারণে। তবে এবার এই স্বপ্নকেই বাস্তবের রূপ দিলেন ১৭ বছরের এক পড়ুয়া।
জানা গিয়েছে, বিদেশে আড়াই কোটি টাকার স্কলারশিপ পেয়েছে ১৭ বছরের এই পড়ুয়া। এই বিশাল অঙ্কের স্কলারশিপ পাওয়ার জন্য একটি পরীক্ষা দিতে হয়েছিল এই পড়ুয়াকে। আর সেই পরীক্ষায় গোটা দেশে ষষ্ঠ স্থান অধিকার করেছে সে। এই স্কলারশিপ পাওয়ায় আমেরিকায় গিয়ে পড়াশোনা করার সুযোগও পেয়েছে ওই যুবক।
ওই ছাত্রের নাম প্রেম কুমার বিহারের পাটনা সংলগ্ন ফুলওয়াড়ি শরীফের গনপুরের মহাদলিত বসতির বাসিন্দা এই পড়ুয়া। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করার জন্য আমেরিকার লাফায়েত কলেজে আড়াই কোটি টাকার স্কলারশিপ পেয়েছে সে। এই ঘটনা যেন এক স্বপ্নের মত এই গরিব পড়ুয়ার কাছে। আর সেই স্বপ্নকেই বাস্তবের রূপ দিয়েছে সে।
জানা গিয়েছে, এই বৃত্তির জন্য ভারত থেকে মোট ৬ জনের নাম পাঠানো হয়েছিল। প্রেমের বাবা একজন সামান্য দিনমজুর। অতি কষ্টে আর্থিক সংকটের মধ্যেই টেনেটুনে সংসার চলে তাদের। রীতিমতো একটি ভাঙা বাড়িতেই পড়াশোনা করতে হয়েছে প্রেমকে। এমনকি, বস্তির অন্ধকার ঘরে আলো জ্বেলে পড়তে হত তাকে। যদিও, এবার সে আমেরিকার অন্যতম একটি বড় কলেজে পড়বে।

জানা গিয়েছে, বছর ১২ আগে প্রেমের মা পক্ষাঘাতে মারা যান। এরপর থেকে দিনমজুরের কাজ করে, কায়িক পরিশ্রম করে কষ্ট করে হলেও প্রেমকে পড়াশোনা করিয়েছেন তার বাবা। আর আজ সেই প্রেমই ভারতের একমাত্র পড়ুয়া যে কী না আড়াই কোটি টাকার স্কলারশিপ পেয়েছে।
এই প্রসঙ্গে প্রেম জানিয়েছে, ”আমরা অনেক সংগ্রাম করেছি, সংগ্রাম না থাকলে এই জায়গায় আসতে পারতাম না। আমি সুযোগ পেলেই পড়াশোনায় সময় দিয়েছি। আমার বাবা মাঠে কাজ করেন এবং আমার মা মারা গেছেন”।

ছেলের এই বিপুল সাফল্যের স্বভাবতই ভীষণ খুশি তার বাবা। ছেলের জন্য গর্বিত বোধ করছেন তিনি।খুশির জোয়ার উঠেছে প্রেমের প্রতিবেশীদের মধ্যেও। মা হারা ছেলেটা আজ। এত বড় জায়গায় পৌঁছবে তা হয়তো কেউ ভাবতেই পারেনি। এভাবেই প্রেমের মতো তরুণরাই আমাদের দেশকে বিশ্বের দরবারে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যায়।






