কানওয়াড় যাত্রাপথে প্রকাশ্যে বিক্রি করা যাবে না মাংস, কড়া নির্দেশিকা জারি যোগী আদিত্যনাথের

প্রতিবছরই শ্রাবণ মাসে হয় কানওয়াড় যাত্রা। এই কানওয়াড় শব্দটির অর্থ হল বাঁক। এই সময় প্রত্যেক বছর হাজার হাজার মানুষ কাঁধে বাঁক নিয়ে হরিদ্বারের উদ্দেশ্যে হেঁটে যান। সেখানে গঙ্গাজল নিয়ে ঢালেন শিবের মাথায়।
এই বছর এই উৎসবকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের যোগী সরকার বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। যোগী সরকারের তরফে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই কানওয়াড় যাত্রাপথে কোথাও প্রকাশ্যে মাংস বিক্রি না করা হয়। আর এই নিয়ে মাংস ব্যবসায়ীদের সঙ্গে কথাও হয়েছে বলে জানা গিয়েছে।

আগামী ১৪ই জুলাই থেকে শুরু হচ্ছে কানওয়াড় যাত্রা। গত দুই বছর করোনা অতিমারির কারণে এই যাত্রা হয়নি। তবে এবছর তা ফের অনুষ্ঠিত হচ্ছে। কানওয়াড়ি গঙ্গা নদী থেকে জল নিয়ে শিবের মাথায় ঢেলে পুজো দেওয়ার রীতি দীর্ঘদিনের।
ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কানওয়াড় যাত্রা নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। সেই বৈঠকে স্থির হয় যে এই কানওয়াড় যাত্রাপথে কোথাও খোলা জায়গায় মাংস বিক্রি করা যাবে না। এর পাশাপাশি, এই যাত্রাপথে আইনশৃঙ্খলা থেকে শুরু করে নিরাপত্তা নিয়েও নানান আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এই যাত্রাপথে স্যানিটাইজেশন, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব অবনীশ অবস্তী জানান, ‘‘কানওয়াড় যাত্রা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করা যায়, সে কারণে সব রকম পদক্ষেপ করা হয়েছে”। অন্যদিকে, বরেলির সিনিয়র পুলিশ সুপার সত্যার্থ অনিরুদ্ধ পঙ্কজ বলেছেন, ‘‘প্রকাশ্যে যাতে মাংস বিক্রি না করা হয়, সে ব্যাপারে সুনিশ্চিত করতে মাংস বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি আমরা। তাঁরা সকলেই আশ্বস্ত করেছেন”।

রাজ্যজুড়ে জেলা আধিকারিকরা কানওয়াড় যাত্রার জন্য নির্ধারিত রাস্তাগুলি মেরামত শুরু করেছেন। এছাড়াও, কোনও ধরণের অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে, সেইজন্য বেশ আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। উত্তরাখণ্ডের সরকারের তরফে অতিরিক্ত ১০ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হবে সূত্রের খবর।

জানা গিয়েছে, এই যাত্রাপথে রাস্তায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হবে। ফৈজাবাদ, বারাণসী, প্রয়াগরাজ ও মিরাট এবং অন্যান্য জেলাগুলি থেকেও যাত্রীরা কানওয়াড় যাত্রায় যোগ দেন। কর্মকর্তারা জানিয়েছেন যে এই সমস্ত জেলাগুলিতেও প্রশাসনের তরফে নানান ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর