আমাদের দেশ স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালের ১৫ অগাস্ট। অর্থাৎ এবছর স্বাধীন ভারতের ৭৫ তম বছর পালিত হবে। কেন্দীয় সরকার ইতিমধ্যেই নানা রকম প্রকল্পের মাধ্যমে সারাবছর উদযাপন করার পরিকল্পনা নিয়েছে। দেশ জুড়ে পালিত হবে ‘আজাদী কা মহোৎসব।’
এসবের মধ্যেই দেশকে ভালোবেসে ৭ ঘন্টায় ৭৫বার জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড করলেন এক তরুণী। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন তিনি। ওঁর নাম পান্ডুগা অর্চনা।
ভারতের জাতীয় সংগীত ‘জনগণমন’ আমাদের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছে সেই ছোটবেলা থেকেই। স্কুলের প্রার্থনা সংগীত থেকে সিনেমা হলে ছবি শুরুর আগে, জাতীয় সংগীত আমাদের উদবুদ্ধ করে। কিন্তু তা বলে একটানা ৭ ঘন্টায় ৭৫ বার!
পান্ডুগা অর্চনা হলেন তেলঙ্গানার করিমনগরের বাসিন্দা। বর্তমানে তেলেঙ্গানার একটি বেসরকারি কলেজে ভাইস প্রিন্সিপাল পদে কর্মরত অর্চনা। দেশের ৭৫ তম স্বাধীনতাকে শ্রদ্ধা জানাতেই তিনি এমন কাণ্ড করেছেন। করিমনগরের পুলিশ কমিশনার ভি সত্যনারায়ণ এবং মন্ত্রমুগ্ধ সারা তেলেঙ্গানাবাসী সম্মানিত করেছে।





