গতকাল, বৃহস্পতিবার ছিল ২১শে জুলাই (21st July)। একদিকে যখন তৃণমূল সুপ্রিমো ২১শে জুলাইয়ের মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, সেই সময়ই তাঁর দলে ঘটে গেল বড়সড় অঘটন। তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিলেন একাধিক দলীয় কর্মী। গতকাল, বৃহস্পতিবার বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকার বিজেপির টাউন মণ্ডল কার্যালয়ে একটি অনুষ্ঠানে একাধিক তৃণমূল কর্মী যোগ দেন বিজেপিতে।
এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দলে স্বাগত জানালেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী। এছাড়াও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, যুব মোর্চার রাজ্য সম্পাদক অভিষেক সেনগুপ্ত, দলের জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, ও আরও অন্যান্য জেলা নেতৃত্বরা।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারীরা জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার জন্যই তারা বিজেপিতে যোগ দিচ্ছেন। তাদের ইচ্ছা ছিল ২১শে জুলাই শহিদ দিবসের দিনই তারা তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেবেন। সেইমতোই গতকালই একাধিক তৃণমূল কর্মী যোগ দিলেন পদ্ম শিবিরে।
এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে সদ্য যোগদানকারী সুব্রত শিকদার বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন যজ্ঞে সামিল হতেই আমরা ৩০ জন বিজেপিতে যোগদান করলাম৷ আগামী দিনে আরও ৫০ জন বিজেপিতে যোগদান করবেন৷ আমার ইচ্ছে ছিল ২১শে জুলাইয়ের দিনই যোগদান করব”।
এই যোগদান প্রসঙ্গে বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ি বলেন, “স্বাধীনতা হয়েছে ঠিকই, কিন্তু উন্নয়নের কাজ হয়নি এখনও৷ এই যে নতুন প্রজন্ম ভারতীয় জনতা পার্টির আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের দলে যোগদান করছে, এতে আমি খুব উল্লসিত৷ আর আজ আমাদের খুব গর্বের দিন৷ কারণ এক জনজাতির মেয়ে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন৷ এখনও রাষ্ট্রপতি হননি তিনি৷ এতে প্রমাণ হয় ভারতীয় গণতন্ত্রের মহিমা এখনও অক্ষুণ্ণ রয়েছে৷ আর এঁরা এদিনই যোগদান করায় আমার মত, এঁরাই আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে”।
অন্যদিকে, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এই বিষয়ে বলেন, “মোদীজি যেভাবে উন্নয়নের কাজ করে যাচ্ছেন, তাতে সব স্তরের মানুষের মনে একটা ভালো মনোভাব তৈরি হয়েছে৷ তৃণমূলের দুর্নীতি এবং অত্যাচারের জন্য প্রচুর কার্যকর্তা আমাদের সঙ্গে যোগাযোগ করেন প্রতিদিন৷ আগামীতে আরও কিছু কার্যকর্তা যোগদান করবেন আমাদের দলে”।





