মেয়েদের পোশাক নিয়ে বহু তর্ক বিতর্ক হয়েই থাকে। কিন্তু এবার যে ঘটনা সামনে এসেছে তাতে ক্ষুব্ধ নেটিজেনরা। স্কুলে অভিভাকদের পোশাক পরিচ্ছদের উপর বিধি জারি করেছে। ভাইরাল সচলের সেই নির্দেশিকা।
জানা গেছে, আহমেদাবাদের বেশ কয়েকটি বেসরকারি স্কুল নির্দেশিকা জারি করেছে। যেখানে বলা হয়েছে, পড়ুয়াদের তো বটেই সঙ্গে মা-বাবার পোশাকও হতে হবে ‘শালীন।’ অনেক বেসরকারি স্কুল শুরু হয় বেশ সকালে। স্কুলগুলির দাবি, সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়ার সময় ‘অশালীন’ পোশাক পরে আসছেন বহু অভিভাবক। অনেক অভিভাবক রাতের শর্টস, হাতকাটা জামা, স্যান্ডো গেঞ্জির মতো রাত পোশাক পরে ছেলে-মেয়েকে নিয়ে স্কুলে হাজির হচ্ছেন।
এই কারণেই অভিভাবকদের ‘শালীন’ পোশাক পরার নির্দেশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ইতিমধ্যে ফোনে ও হোয়াটসঅ্যাপে এই বিষয়ে অভিভাবকদের বার্তা পাঠিয়েছে স্কুলগুলি। অভিভাবকদের ‘শালীন’ পোশাক পরেই স্কুলে আসতে হবে, জানিয়ে দিয়েছে তারা।
এই বিষয়ে এক অভিভাবকের বক্তব্য, ‘অনেক সময়েই পোশাক বদলের সময় থাকে না। তাড়াহুড়োয় বাচ্চাদের স্কুলে পৌঁছে দিতে হয়। এখন দেখছি আমার ইনবক্সে ‘শালীন’ পোশাক সম্পর্কে একটি লিখিত বার্তা পাঠিয়েছে স্কুল। অবাক হয়েছি এমন নির্দেশিকা দেখে।’





