মমতার আশঙ্কাই সত্যি, কয়লা পাচার মামলায় ফের অভিষেককে তলব করল ইডি, শুক্রবারই হাজিরা, পুজোর আগেই কী গ্রেফতার?

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)আশঙ্কাই সত্যি হল। গতকাল, সোমবার তৃণমূলের ছাত্র পরিষদের  (TMCP) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিশ দিতে পারে ইডি (ED )। আর হলও তেমনটাই। কয়লা পাচার কাণ্ডে ফের অভিষেককে নোটিশ পাঠাল ইডি।

সূত্রের খবর অনুযায়ী, আগামী ২রা সেপ্টেম্বর কলকাতায় ইডির দফতর অর্থাৎ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দিল্লি থেকে ইডির বিশেষ দল আসছে অভিষেককে জেরা করার জন্য। কয়লা পাচারের যে আর্থিক লেনদেনের হদিশ ইডি পেয়েছে, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই অভিষেককে সমন পাঠানো হয়েছে বলে খবর।

এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন,“অভিষেক বিজেপির পথের কাঁটা হয়ে উঠেছেন। এটা চক্রান্ত। ওঁকে এজেন্সির মাধ্যমে হেনস্থা করা হচ্ছে। এটা যে সম্পূর্ণভাবে রাজনৈতিক চক্রান্ত তা বিজেপির নেতা-মন্ত্রীদের কথায় স্পষ্ট হয়ে গিয়েছে। অভিষেককে যে কতখানি ভয় পায় বিজেপি তা স্পষ্ট। ইস্পাত কঠিন স্নায়ু নিয়ে আইনি পথে লড়াই চালাবেন অভিষেক”।

তাৎপর্যপূর্ণভাবে গতকাল, তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন যে ইডি এবার অভিষেককে নিশানা করতে পারে। সভাস্থলে মমতা বলেছিলেন, “বাংলায় সরকার ফেলার জন্যই একের পর এক নেতা-মন্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে। ববিকে গ্রেফতার করো। অরূপকে গ্রেফতার করো, অভিষেককে গ্রেপ্তার করো। ভেবেছ, তাহলেই আর নির্বাচনে তৃণমূল জিততে পারবেনা”।

এরপরই সাধারণ মানুষের উদ্দেশে মমতা বলেন, “এই তো আজ অভিষেক এত ভাল বক্তৃতা দিয়েছে। কাল ওকে না আবার নোটিস ধরায়। আগেও ওকে, ওর স্ত্রীকে (রুজিরা বন্দ্যোপাধ্যায়) নোটিশ ধরিয়েছে। কাল আবার ২ বছরের বাচ্চাটাইকেই না নোটিস দিয়ে বসে”।

আবার অন্যদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। গতকাল, সোমবার টিএমসিপি সভামঞ্চ থেকে সেকথা মনে করিয়ে দিয়ে অভিষেক বলেছিলেম, “২১শে জুলাই আমাদের সমাবেশ হল। ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডিকে পাঠিয়ে দেওয়া হল। ২২ জুলাই কেন? কেন ২৩ জুলাই নয়? কেন ২৪ জুলাই নয়”। এরপর প্রায় নিশ্চিত হয়েই অভিষেক বলেন, “আপনারা লিখে রাখুন, চার-পাঁচ দিনের মধ্যে ওরা আবার কিছু একটা করবে”। সেই কথাই যেন সত্যি হল। ফের তলব করা হল অভিষেককে।

আরও অন্যান্য খবর