‘পঞ্চায়েত ভোট ব্যাপক হবে’, জেলে বসেও আসন্ন নির্বাচন নিয়ে বেশ আশাবাদী অনুব্রত

একুশের বিধানসভা নির্বাচনের আগে ‘চড়াম চড়াম’, ‘গুড় বাতাসা’র মতো নানান শব্দ শোনা গিয়েছিল তাঁর মুখে। তবে সেই দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) এখন গরু পাচার মামলায় (cattle smuggling case) জেল হেফাজতে। তবে জেলে থাকলেও আসন্ন পঞ্চায়েত ভোট (panchayet election) নিয়ে কিন্তু তিনি খুবই আশাবাদী। আজ বিধাননগরের এমপি-এমএলএ আদালতে আসার পথে বললেন “পঞ্চায়েত ভোট ব্যাপক হবে”।

আজ, বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় তখন সকাল ৬টা ৪৫ মিনিট। আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে বের করে গাড়িতে তোলা হয় অনুব্রতকে। গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে দু-চার কথা কথা বলেন অনুব্রত। তাঁকে প্রশ্ন করা হয় যে পঞ্চায়েত ভোটে কী হতে চলেছে? অনুব্রতর জবাব, ব্যাপক হবে”। শরীর ভাল নেই বলেও জানান তিনি। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কড়া নিরাপত্তায় আসানসোল থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে অনুব্রতকে।

প্রসঙ্গত, গত ১১ই আগস্ট গরু পাচার মামলায় বোলপুরের নিজের বাড়ি থেকে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। প্রথমে সিবিআই হেফাজতে থাকলেও পরবর্তীতে আসানসোল সিবিআই আদালতের নির্দেশে জেল হেফাজত হয় তাঁর। অনুব্রতর ঠাঁই হয় আসানসোলের বিশেষ সংশোধনাগারে।

সিবিআই সূত্রে খবর অনুযায়ী, ইতিমধ্যেই অনুব্রতর প্রয়াত স্ত্রী ও তাঁর কন্যার নামে বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ মিলেছে। ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের কথা জানা গিয়েছে। তবে এই বিপুল টাকার উৎস সম্পর্কে এখনও জানা যায়নি। তল্লাশি চালাচ্ছে সিবিআই। সিবিআইয়ের এখন নজর বোলপুরের মোট ১০টি চালকলের দিকে। ইতিমধ্যেই অনুব্রতর ভোলে ব্যোম ও শিবশম্ভু চালকলে হানা দিয়েছে সিবিআই।

সিবিআই আধিকারিকদের অভিযোগ, অনুব্রত তদন্তে সহযোগিতা করছেন না। তবে অন্যদিকে আবার অনুব্রতর দাবী, তিনি ১০০ বাড়া তদন্তে সাহায্য করেছেন। ইতিমধ্যেই অনুব্রত ঘনিষ্ঠ বেশ কিছুজনকে আটক করেছে সিবিআই। এদিকে, আজ, ১২ বছরের পুরনো একটি বোমা বিস্ফোরণের মামলায় বিধাননগরের এমপি-এমএলএ আদালতে হাজিরা দিতে সল্টলেকে এসেছেন অনুব্রত মণ্ডল।

আরও অন্যান্য খবর