ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে, বা কাজ পাওয়ার জন্য যেসমস্ত মেয়েরা ‘সুগার ড্যাডি’ ধরছেন, তাদের নিয়ে বেশ চিন্তিত অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের এই আশঙ্কা প্রকাশ করলেন তিনি। তাঁর ভয়, এমন মেয়েদের অবস্থাও অর্পিতা মুখোপাধ্যায়ের মতো হবে না তো?
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তল্লাশি চালায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে। অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকা। পার্থ ও অর্পিতা দুজনকেই গ্রেফতার করে পুলিশ। পার্থর সঙ্গে অর্পিতার ঘনিষ্ঠতা নিয়েও অনেক চর্চা হয়েছে। আপাতত আলিপুর মহিলা সংশোধনাগারে ঠাঁই হয়েছে অর্পিতার।
অর্পিতার নাম উল্লেখ করেই ফেসবুকে রূপাঞ্জনা লেখেন, “একটা কথা বলতে চাই সেই সব মেয়েদেরকে যারা কাজ পাওয়ার জন্য ইন্ডাস্ট্রিতে ‘সুগার ড্যাডি’ ধরছেন। মেয়েগুলোর বয়স ১৬ থেকে ২০-র মধ্যেই। আপনারা এর মধ্যেই বুঝে যাচ্ছেন ইন্ডাস্ট্রি কী নিয়মে চলে? কেউ কেউ তো আবার বার্থ ডে পার্টিও থ্রো করাছেন সেসব উটকো ‘সুগার ড্যাডি’দের দিয়ে তাতে আমাদের ইন্ডাস্ট্রির ইনসিকিওরড কিছু শিল্পীরা, পরিচালকরা যাচ্ছেন ‘Just lik that…”।
এরপর অভিনেত্রী প্রশ্ন তোলেন, “এই মেয়েগুলোও কি আগামী দিনে আর্পিতাদের মত হবে? চিন্তা হচ্ছে খুব। এই মেয়েগুলোও কে গাইড করার মতো অভিভাবক নেই? তাদের নিজেদের অভিভাবকরা কি প্রশ্রয় দেন? এই ‘ফুড চেন’-এ যারা পড়তে চায় না তারা কী করবে? সেই মেয়েগুলোও যারা মাথা তুলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়। তাদের পাশে থাকবেন তো আপনারা”?

বলে রাখি, ২০১১ সালে ‘বিদেহীর খোঁজে রবীন্দ্রনাথ’ নামের একটি সিরিয়ালে অভিনয় করেছিলেন অর্পিতা। শোনা যায়, সেই সময়ই অর্পিতার সঙ্গে আলাপ হয়েছিল তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এরপর থেকে মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তাঁর। অর্পিতা ২০১৭ সালে ‘চিন্নামা লাভ’ নামের একটি তামিল ছবিতে অভিনয় করেন। এছাড়াও কিছু ওড়িয়া ও বাংলা ছবিতেও দেখা যায় তাঁকে। তবে ছবিতে অভিনয় করে অর্পিতা যত না খ্যাতি পেয়েছেন, এর থেকে বেশি খ্যাতি পেয়েছেন পার্থ-ঘনিষ্ঠ হিসেবে উঠে এসে।





