গরু পাচার কাণ্ডে (catlle smuggling case) সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। ফের একবার তাঁর পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের সমাবেশে তিনি বলেন যে অনুব্রত ছাড়া না পাওয়া পর্যন্ত ৩ গুণ লড়াই চালানো হবে। তাঁকে বীরের সম্মানে ফিরিয়ে আনা হবে বলেও জানান মমতা।
এদিনের সমাবেশে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির কথা উল্লেখ করে তিনি বলেন, “কেষ্ট বেচারা অসুস্থ। বগটুইয়ে একবার ধাক্কা খেয়েছিল। জেলে বন্দি করে কী ভাবছেন পার্লামেন্টের দু’টি সিট পাবেন? প্রতি ভোটে কেষ্টকে নজরবন্দি করে দেয়”। বীরভূমের ব্লক সভাপতিদের উদ্দেশ্যে মমতার বার্তা, “কেষ্ট না ফেরা পর্যন্ত ৩ গুণ লড়াই হবে। বীরভূমের লাল মাটি হারতে শেখেনি”।
এদিন দলীয় কর্মীদের উদ্দেশে মমতা বলেন যে বীরের সম্মানের সঙ্গে অনুব্রতকে জেল থেকে বের করে আনা হবে। তাঁর অভিযোগ, ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। মমতার কথায়, “ভাবছে তৃণমূলের শক্তিশালী কয়েকজন নেতাকে গ্রেফতার করে নিই। তাহলে জেলার কর্মীরা ভয় পেয়ে যাবেন। কিন্তু তা হবে না। মনে রাখবেন নিহত সিংহর চেয়ে আঘাত সিংহ ভয়ংকর”।
বলে রাখি, গত ১১ই আগস্ট বোলপুরের বাড়ি থেকে গরু পাচার কাণ্ডে সিবিআই গ্রেফতার করে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। তাঁর গ্রেফতারির পর তাঁর কন্যা ও প্রয়াত স্ত্রীয়ের নামে বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ মেলে। ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে সিবিআইয়ের নজরে। অনুব্রতর দুটি চালকলেও তল্লাশি চালিয়েছে সিবিআই। অনুব্রতর ঘনিষ্ঠদের দিকেও নজর রয়েছে সিবিআইয়ের। কিছুজনকে গ্রেফতারও করা হয়েছে। তাদের থেকে বেশ কিছু নথি পাওয়া যাবে বলে দাবী সিবিআইয়ের।
অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করলে তাঁকে এর আগেও সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের সমাবেশেও কেষ্টর পাশে দাঁড়াতে দেখা গেল তাঁকে। কিন্তু আজও সমাবেশে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি বা তাঁর প্রসঙ্গে কোনও কথা শোনা গেল না তৃণমূল সুপ্রিমোর মুখে।





