আগামী ১৩ই সেপ্টেম্বর রয়েছে বিজেপির (BJP) নবান্ন অভিযান (Nabanna Abhiyan)। এর জন্য জেলায় জেলায় নানান প্রস্তুতি একেবারে তুঙ্গে। নানান ইস্যু নিয়ে নবান্নের দিকে এগোবে গেরুয়া ব্রিগেড। এই নবান্ন অভিযান আদৌ কতটা সফল হবে, তা নিয়েও চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এমন আবহে এবার এই অভিযানে বামেদেরও (CPM) যোগ দেওয়ার আহ্বান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
বিজেপির নবান্ন অভিযানে বামেদের সামিল হওয়ার কথা জানিয়ে শুভেন্দু বলেন, “বাংলার মানুষ দেখতে পাচ্ছেন ৭৫ বছরে এই দৃশ্য কেউ দেখেন নি। তাই সিজিও গিয়ে লাভ নেই বামপন্থী বন্ধুরা। যেতে যদি সত্যিই চান তবে আমাদের সাথে ১৩ তারিখে নবান্ন চলুন। তার কারণ সবাই বলছে পার্থ কেষ্ট চুনোপুটি। সব খেয়েছে হাওয়াই চটি। উনি কোথায় বসেন? চোরেদের রানিকে ১৪ তলা থেকে টেনে নামাতে গেলে নবান্নতেই যেতে হবে”।
শুভেন্দুর মুখে এমন আহ্বান শুনে কার্যত হতবাক সকলেই। এই বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “ওর জানা নেই বিজেপির যারা পূর্ব পুরুষ তাঁরা জানেন বরাবর লড়াইতে দৃঢ় বামপন্থীরা। এনিয়ে তাঁর কোনও আইডিয়া নেই। উনি বলেছেন ওদের ওই মিছিলে আমরা যেন গিয়ে হাজির হই। আমরা কিন্তু বিগলিত হয়ে বলব না আমাদের সিজিও কমপ্লেক্সে বা অন্যান্য কর্মসূচিতে গিয়ে বিজেপি হাজির হোন। বিজেপি তৃণমূল এলে সেটা কলুষতা হবে”।
এদিকে, শুভেন্দুর বামেদের এই আহ্বান জানানোর প্রসঙ্গ নিয়ে কটাক্ষ করতে ছাড়ে নি তৃণমূলও। এই নিয়ে তৃণমূল নেতৃত্বের দাবী, “আসল ঘটনাটা বেরিয়ে পড়েছে। রাম-বাম এক হচ্ছে। লোক হবে না এটা ধরে নিয়েই এখন বামেদের প্রকাশ্যে আসতে বলছে”।





