‘গার্ডেনরিচে টাকা উদ্ধারের সঙ্গে যোগ রয়েছে ফিরহাদের, ওরই অর্থনীতি ভাঙছে’, তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অধীরের

একের পর এক দুর্নীতির (corruption) জেরে বিদ্ধ রাজ্য সরকার। নানান দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দলের একাধিক নেতা-মন্ত্রীর। আর এর জেরে নানান বিরোধী দলগুলি কটাক্ষ করতে কসুর করছে না শাসক শিবিরকে। কটাক্ষের জেরে কার্যত কোণঠাসা তৃণমূল (TMC)। এমন আবহে এবার ফের একবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস প্রদেশ সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)।

বর্তমানে কয়লা পাচার কাণ্ড থেকে শুরু করে গরু পাচার, এসএসসি নিয়োগ দুর্নীতি নানান ক্ষেত্রে শাসক দলের নেতাদের নাম জড়িয়েছে। সম্পত্তি বৃদ্ধির মামলায় নাম উঠেছে ফিরহাদ হাকিমের। এরই মধ্যে গত শনিবার ফিরহাদেরই এলাকা গার্ডেনরিচে এক পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ১৮ কোটি টাকা ও সোনা উদ্ধার করেছে ইডি। আর এই বিষয়কে কেন্দ্র করেই ফিরহাদের বিরুদ্ধে সুর সপ্তমে চড়িয়েছেন কংগ্রেস নেতা।

গার্ডেনরিচে টাকা উদ্ধার হওয়া প্রসঙ্গে ফিরহাদ বলেছিলেন, “বর্তমানে বাংলার একাধিক প্রান্তে ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে। এসব কিছু তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর জন্য করা হয়ে চলেছে। আরও একটি কারণ থাকতে পারে। তা হলো, বাংলার ব্যবসায়ীদের ভয় দেখানো, যাতে তারা বাংলায় ব্যবসা না করে। সেই কারণে একের পর এক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এগুলি বাংলার অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত”।

তৃণমূল নেতার এই মন্তব্যে স্বাভাবিকভাবেই বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতেই অধীর চৌধুরী বলেন, “গার্ডেনরিচে যে টাকা উদ্ধার করা হয়েছে, তার সঙ্গে যোগ রয়েছে ফিরহাদের। আসলে ওর অর্থনীতি ভাঙছে। সেই কারণে কেবল ওর মাথাব্যথা হচ্ছে”।

এখানেই শেষ নয়। এদিন  তৃণমূলকেও নিজের বাক্যবাণে বিদ্ধ করেন অধীর। বলেন, “কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ আছে। সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতার ফ্ল্যাট থেকে ৫০ কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না উদ্ধার করা হয়। সেই ঘটনার সাথে গতকালের গার্ডেনরিচে টাকা উদ্ধার মামলার যোগ রয়েছে। দুই ঘটনাতেই টাকা, নোট এবং স্টাইল সব এক। এত বিপুল পরিমাণ টাকা কার মদতে রাখা হয়ে চলেছে, বর্তমানে তা সকলেই বুঝতে পেরেছে”।

RELATED Articles