টাকা-সোনার ছড়াছড়ি রাজ্যে! বনগাঁ সীমান্ত থেকে উদ্ধার ৫ কোটি টাকারও বেশি সোনার বিস্কুট, বিএসএফের হাতে আটক কৃষক

কিছুদিন আগেই ৪০টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছিল। এবার ফের একবার বাগদা সীমান্ত এলাকা থেকে উদ্ধার হল ৮১টি সোনার বিস্কুট। উদ্ধার করল বিএসএফ। এক কৃষকের কাছ থেকে এই বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার হয়েছে।

ওই কৃষককে আটক করেছে বিএসএফ জওয়ানরা। রবিবার বাগদা থানার রণঘাট সীমান্তের ৬৮ নম্বর ব্যাটেলিয়ান পাচারকারী কৃষক-সহ এই সোনার বিস্কুট আটক করেছে বলে খবর।

বিএসএফ সূত্রে খবর অনুযায়ী, উদ্ধার হওয়া এই সোনার বিস্কুটের ওজন প্রায় ১০ কেজি। এর বাজার ৫ কোটি টাকারও বেশি। জানা গিয়েছে, ধৃত ওই পাচারকারী কৃষকের নাম নাজিম মণ্ডল। বাগদার কুলিয়া সীমান্তের বাসিন্দা সে।

সূত্রের খবর অনুযায়ী, গতকাল, রবিবার ওই ধৃত ব্যক্তি আন্তর্জাতিক সীমান্তের কাছে কৃষিকাজ করতে গিয়েছিলেন। সেখান তাকে এক বাংলাদেশি সোনার বিস্কুট দিয়েছিল বলে দাবী করে সে। তা নিয়েই গ্রামের দিকে ফিরছিল ওই ব্যক্তি। সেই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানদের তাকে দেখে সন্দেহ হয়। এই কারণে আটক করে তাকে। তল্লাশি চালাতেই তার থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ সোনার বিস্কুট।

প্রসঙ্গত, গত ৭ এবং ৯ সেপ্টেম্বর বাগদার সীমান্ত চৌকি মামা ভাগিনার জওয়ানরা মোট ২.৪০ কোটি টাকার ৪০টি বিস্কুট উদ্ধার করে। আজ, সোমবার এই সোনার বিস্কুট-সহ আটক ব্যক্তিকে বাগদা শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ৷

এভাবে বারবার সীমান্ত এলাকায় সোনা উদ্ধার হওয়ার ঘটনায় পাচারচক্র যে বেশ সক্রিয়ভাবে চলছে, তা বেশ স্পষ্ট। এই কারণে উৎসবের মরশুমে চোরাই সামগ্রী উদ্ধারের ঘটনায় নজরদারি বাড়াচ্ছে বিএসএফ।

RELATED Articles