বাগুইআটি জোড়া খুন কাণ্ডের পড়ুয়াদের নিয়ে এক মন্তব্য করেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায় (Saugata Roy)। তিনি বলেন যে মৃত দুই পড়ুয়াদের একজন মা’দ’কের নেশা করত। সাংসদের এহেন মন্তব্যে এবার প্রতিক্রিয়া জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সৌগত রায়ের বয়স ও মানসিক অবস্থা নিয়ে আক্রমণ শানান বিজেপি নেতা।
বাগুইআটির মৃত পড়ুয়াদের নিয়ে মন্তব্যের জেরে দিলীপ ঘোষ সৌগত রায়ের উদ্দেশে প্রশ্ন রাখেন, “উনি কি ছেলেটিকে মা’দ’কের জোগান দিতেন”? বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি আরও বলেন, “ওঁর বয়স হয়েছে। রাঁচী থেকে কিছু দিন ঘুরে আসা উচিত। ওঁর প্রকাশ্যে কথা বলা ঠিক নয়। বোঝাই যাচ্ছে ৭২ পার হলে মানুষের যা হয়, ওঁরও তা হয়েছে। বুদ্ধিশুদ্ধি ঠিক নেই, মাথার ঠিক নেই”। এমনকি, দিলীপ ঘোষ এও মনে করেন যে সৌগত রায়ের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।
দিলীপের এই মন্তব্যের পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এ ক্ষেত্রে তিনি নরেন্দ্র মোদীর বয়সের তুলনা টেনেছেন কুণাল। তাঁর কথায়, “আগামী ১৭ তারিখ বিশ্বকর্মা পুজোর দিন নরেন্দ্র মোদী ৭২ পূর্ণ করে ৭৩-এ পা দিচ্ছেন। দিলীপ ঘোষ আসলে বোঝাতে চাইলেন, প্রধানমন্ত্রীর বাহাত্তুরে অবস্থা হয়েছে। অবিলম্বে ওঁর সরে যাওয়া উচিত”।
বাগুইআটি জোড়া খুন কাণ্ডে এক পড়ুয়া মা’দ’কের নেশা করত বলা ছাড়াও আরও নানান প্রশ্ন রাখেন সৌগত রায়। গতকাল, রবিবার বরাহনগরের এক সভা থেকে তৃণমূল সাংসদের দাবী করেন, “একটা ছেলে বাইক কেনার জন্য ৫০ হাজার টাকা পায় কোথা থেকে? ওদের বাড়ি গিয়েছিলাম। বাবা-মা দুঃখ করছে। ওদের ধরা হয়েছে। একটা ছেলে, ১৬ বছর বয়স। সে এন ১০ ট্যাবলেট খেত”।
তাঁর আরও প্রশ্ন, “বাইক কেনার জন্য কীভাবে পঞ্চাশ হাজার টাকা পায়! আমি হলে তো ছেলেকে দিতে পারতাম না। ছেলেরা ভুল পথে যাচ্ছে। আমরা চাইছি যেসব ছেলে বিপথে যাচ্ছে তারা সমাজের মূল স্রোতে ফিরে আসুক। ছেলেরা এমন কিছু না করুক যাতে তাদের বাবা-মাকে লজ্জায় পড়তে হয়”। তাঁর এই মন্তব্যকে ঘিরেই খোঁচা দেন দিলীপ ও দিলীপের মন্তব্যের জেরে পাল্টা প্রতিক্রিয়া দেন কুণাল।





