মহালয়ার (Mahalaya) দিন সন্ধ্যার সময় প্রতিমার চক্ষুদানের মাধ্যমে চেতলা অগ্রণী ক্লাবের পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে আয়োজনের প্রশংসাও করলেন তিনি। ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) তিনি নির্দেশ দেন যাতে পুজোয় ভিআইপি-দের (VIP) জন্য কোনও রাস্তা বন্ধ না হয়।
১লা সেপ্টেম্বর থেকেই বাংলায় পুজোর আমেজ শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর র্যালির মাধ্যমে। সময় যত এগিয়েছে ধীরে ধীরে শহর সেজে উঠেছে। এখন অনেক মণ্ডপের কাজই শেষ হয়েছে। শেষ মুহূর্তের কাজ চলছে এখন মণ্ডপে মণ্ডপে। মহালয়ার বিকেলে কলকাতার ও জেলার বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বিকেলে প্রথমে সেলিমপুর পল্লির পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে মণ্ডপ ঘুরে দেখেন তিনি। উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। সেখান থেকে মমতা চলে যান যোধপুর পার্ক ৯৫ পল্লির মণ্ডপ ও বাবুবাগানে। সেখানকার পুজো উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী যান চেতলা অগ্রণী ক্লাবে। সেখানে প্রতিমার চক্ষুদান করেন তিনি।
সেখান থেকেই জেলার ২৫৩টি পুজোর ভারচুয়ালি উদ্বোধন করেন তিনি। উদ্বোধন পর্ব শেষে চেতলা অগ্রণী ক্লাবের পুজো মণ্ডপ ও সাজসজ্জার প্রশংসা করেন মমতা। কলাগাছ ব্যবহারের এই চিন্তাভাবনার সাধুবাদ জানান তিনি। এর পাশাপাশি ফিরহাদ হাকিমকে বলেন যে পুজোর সময় সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে যাতে খেয়াল রাখা হয়। এও বলেন যে ভিআইপি-দের জন্য যাতে কোনও রাস্তাঘাট বন্ধ না করে দেওয়া হয়।
শুধু তাই-ই নয়, কলকাতা বা জেলার অন্য কোনও পুজো কমিটি যদি মুখ্যমন্ত্রীর হাত দিয়ে প্রতিমার চক্ষুদানের ইচ্ছা প্রকাশ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কীভাবে তারা যোগাযোগ করবেন, এদিন তাও বলে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে।





