সম্প্রতি বিহারের রাজনীতিতে বেশ চড়াই-উতরাই লক্ষ্য করা গিয়েছে। একদিকে বিজেপির সঙ্গ ছেড়ে ফের লালুর হাত ধরতে দেখা গিয়েছে নীতীশ কুমারকে, তো কখনও আবার স্রোতের উল্টোদিকে হেঁটে নিজের পুরনো দলের বিরুদ্ধেই আক্রমণাত্মক কটাক্ষ করেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর।
সেই ধারা বজায় রেখেই এবার লালু-পুত্র তেজস্বী যাদবের দিকে কটাক্ষ ছুঁড়ে দিলেন পিকে। বিহারে বিজেপির সঙ্গ ছেড়ে কংগ্রেস ও আরজেডির হাত ধরে ফের বিহারের মুখ্যমন্ত্রীর পদে বসেছেন নীতীশ কুমার। সেই কারণে তেজস্বী যাদব-সহ একাধিক গুরুত্বপূর্ণ নেতা-মন্ত্রীদের পদ দেওয়া নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে।
এই সমস্ত বিষয়কে সামনে এনে একদিকে যখন নীতীশ কুমারের বিরুদ্ধে বিজেপি আক্রমণ শানাচ্ছে, সেই সময় অন্যদিকে গোটা রাজ্যজুড়ে ‘জন সুরজ’ কর্মসূচি করে চলেছেন প্রশান্ত কিশোর। অতীতেও একাধিকবার বিহারের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি। এবার পিকের গলায় উঠে এল তেজস্বী-প্রসঙ্গ।
প্রসঙ্গত, জন সুরজ কর্মসূচি চলাকালীন রাজ্যের নানান ব্লকে পথযাত্রায় সামিল হচ্ছেন পিকে। এর আগে তিনি পসচিম চম্পারন জেলার ধানাউজি এলাকায় পৌঁছে সেখানকার মানুষদের অভাব-অভিযোগের কথা শোনেন। এরপরই তিনি দাবী করেন, “নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে চলেছেন”।
এদিন পিকে আরও দাবী করেন, “লালুজির ছেলে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। অথচ তিনি বর্তমানে বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, অথচ সাধারণ মানুষের ছেলেমেয়েরা পিওনের চাকরি পর্যন্ত পায় না। এক্ষেত্রে নেতা মন্ত্রীদের ছেলেমেয়েদের জন্য তাদের বাবা-মা রয়েছে, কিন্তু সাধারণ মানুষকে ভাগ্যের উপর ভরসা করে থাকতে হচ্ছে”।
প্রশান্ত কিশোরের এহেন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে লালু-পুত্রের বিরুদ্ধে এভাবে কটাক্ষ ছুঁড়ে দিয়ে আদতে কী বার্তা দিতে চাইলেন প্রশান্ত কিশোর? বিশেষজ্ঞদের মতে, পিকে আসলে গোটা বিহার রাজ্যের মানুষের অভাব-অভিযোগের কথা শুনতে চাইছেন। ফলে তাদের সমস্যাকে সর্বত্র পৌঁছে দেওয়া ও মনের ভাব তুলে ধরার চেষ্টাই করে চলেছেন তিনি।






