নানান সময় দলের বিরুদ্ধেই নানান বেফাঁস মন্তব্য করতে শোনা গিয়েছে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে। তাঁর কারণে দলকে বারবার অস্বস্তিতেও পড়তে হয়েছে। এবার ফের নিজের সেই চেনা ছন্দেই দলের নেতৃত্বের একাংশকে কার্যত হুঁশিয়ারি শানালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।
কিছুদিন আগেই একটি জমি জবরদখল মামলাতে স্থানীয় থানা ঘেরাও করার অভিযোগ উঠেছিল হুমায়ুন কবীরের বিরুদ্ধে। সেই রেশ এখনও ভালোভাবে কাটে নি। আর এরই মধ্যে গতকাল ভরতপুরের সালারবাজার সংলগ্ন এলাকায় বিজয়া সম্মেলনের অনুষ্ঠান থেকে দলীয় নেতাদের একাংশের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন হুমায়ুন।
এদিন অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে হুমায়ুন সুর চড়িয়ে বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে কয়েকজন লোক। তবে আমি অধীর চৌধুরীর কিচেন রুমের সদস্য পদে নিযুক্ত ছিলাম। ওই সময় যারা বাড়ির সামনে তৃতীয় সারিতে বসতেন, তারাই এখন চেয়ারম্যান এবং অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছেন। তাই সকলের উদ্দেশ্যে বলি, যদি কেউ পাঙ্গা নিতে আসে, তাহলে এমন দৌড় করাবো, ছুটে পালানোর পথ পাবেন না”।
এখানেই শেষ নয়। তিনি এদিন আরও বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়ে চলেছে, গুরুর (অধীর চৌধুরী) কাছে খোঁজ নিয়ে দেখতে পারেন, আমি কি জিনিস”।
ওয়াকিবহাল মহলের মতে, এদিন তৃণমূল সাংসদ আবু তাহের খানকেই বিশেষত নিশানা করেছেন হুমায়ুন। দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব বহুদিনের। এর জেরে দলের অন্দরেও বেশ অস্বস্তি বেড়েছে। হুমায়ুন কবীরের এই বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা কটাক্ষ শানান আবু তাহের খানও। তিনি বলেন, “দলীয় শৃঙ্খলা ভাঙার মাধ্যমে যদি কেউ কোনো রকম মন্তব্য করে থাকে, তাহলে তার দায় দলের নয়। তাছাড়া হুমায়ুন কখন কি কথা বলছে, তা নিজেই বুঝে উঠতে পারে না”।





